১০ বছরের সাজা এড়াতে পালিয়ে ছিলেন ২০ বছর
দশ বছরের সাজা এড়াতে ২০ বছর আত্মগোপনে থেকেও রেহাই মেলেনি ইলিয়াস খানের। ধরা পড়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে।
রোববার রাতে বরগুনার তালতলী উপজেলার হেলেঞ্চাবাড়িয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করে র্যাব ও পুলিশ। ৪০ বছর বয়সী ইলিয়াস খান একই উপজেলার গাববাড়িয়া গ্রামের রশিদ খানের ছেলে।
জানা গেছে, ২০০২ সালের একটি ডাকাতি মামলায় ইলিয়াসকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেয় আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। কিন্তু এ আদেশের কাগজপত্র গায়েব করে ২০ বছর ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন তিনি। ইলিয়াসের বিরুদ্ধে একাধিক মামলা চলমান রয়েছে।
র্যাব-৮ এর কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার তুহিন রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র্যাব। কিন্তু র্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে ইলিয়াসকে গ্রেফতার করা হয়। পরে তাকে তালতলী থানায় সোপর্দ করা হয়।
তালতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, রোববার সন্ধ্যার ৯টার দিকে র্যাব ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে উপজেলার হেলেঞ্চাবাড়িয়া গ্রাম থেকে ১০ বছরের সাজাপ্রাপ্ত ফেরারি আসামি ইলিয়াসকে গ্রেফতার করা হয়। সোমবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।