ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

যৌতুক না পেয়ে স্ত্রীকে খুন, স্বামী আটক

পলাশ (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশিত: ২০:০৩, ৫ সেপ্টেম্বর ২০২২
যৌতুক না পেয়ে স্ত্রীকে খুন, স্বামী আটক
ফাইল ফটো

নরসিংদীর পলাশে যৌতুকের টাকা না দেওয়ায় রত্না বেগম নামে এক গৃহবধূ খুন হয়েছেন। যৌতুকের জন্য ঐ গৃহবধূকে তার স্বামী আল রাব্বি ছুরিকাঘাতে হত্যা করেছেন বলে অভিযোগ পরিবারের। এ ঘটনার পর অভিযুক্ত আল রাব্বিকে আটক করেছে পুলিশ।

সোমবার দুপুরে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার ভাগ্যের পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রত্না বেগম উপজেলার ভাগ্যের পাড়া গ্রামের মো. জাকির হোসেনের মেয়ে এবং অভিযুক্ত আল রাব্বি একই গ্রামের আল আমিন মিয়ার ছেলে।

জানা যায়, রত্নার সঙ্গে রাব্বির দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। সাত মাস আগে তাদের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পরই রাব্বি মাদকাসক্ত হয়ে পড়েন। নেশার টাকার জন্য প্রায় সময়ই রাব্বি তার স্ত্রী রত্নাকে মারধর করতেন। সোমবার দুপুরে শ্বশুর বাড়ি থেকে এক লাখ টাকা এনে দেওয়ার দাবি জানায় রাব্বি। এ সময় টাকা এনে দিতে অস্বীকৃতি জানালে আবারো মারধর শুরু করেন স্বামী আল রাব্বি। একপর্যায়ে ছুরি দিয়ে রত্নার পেটে ও গলায় আঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান রাব্বি। এলাকাবাসী রক্তাক্ত অবস্থায় রত্নাকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে পলাশ থানার ওসি মোহাম্মদ ইলিয়াছ বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। ঘটনার পর অভিযুক্ত স্বামী পালিয়ে গেলেও অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: খুন নরসিংদী
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!