গাজীপুরে চোরচক্রের ৭ সদস্য গ্রেফতার
গাজীপুর মহানগর পুলিশ বুধবার রাতে গাজীপুর, ঢাকা ও নরসিংদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৭১ হাজার টাকাসহ চোরচক্রের সাত সদস্যকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো ভোলার দোলারহাট থানার নুরাবাদ এলাকার মোহা. রানা, ভোলা সদরের চৌরান্দপ্রার্থী এলাকার মো. ইউসুফ, বাগেরহাটের মোড়লগঞ্জ থানার গুলিশাখালী এলাকার মো. হুমায়ুন কবির, নরসিংদীর শিবপুর থানার নয়াদিয়া এলাকার মো. হান্নান মিয়া, ভোলার দোলারহাট থানার ওসমানগঞ্জ এলাকার মিজান মহামুদ, একই জেলা ও থানার নুরাবাদ এলাকার মো. মোহসিন মিয়া এবং একই জেলা ও থানার চর যমুনা এলাকার ছাত্তার দালাল।
বৃহস্পতিবার বিকেলে গাজীপুর মহানগর পুলিশ কমিশনার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার রেজওয়ান আহমেদ এ তথ্য জানান।
এ সময় অন্যদের মধ্যে গাজীপুর সদর জোনের সহকারী কমিশনার রিপন চন্দ্র সরকার, সহকারী কমিশনার (মিডিয়া) আবু সায়েম নয়ন ও বাসন থানার ওসি মো. আব্দুল মারেক খসরু উপস্থিত ছিলেন।
ওই পুলিশ কর্মকর্তা জানান, এ চক্র বিকাশের দোকানগুলোকে টার্গেট করে ভিড় জমায় এবং নানা কৌশলে তাদের ক্যাশ থেকে টাকা লুট করে নেয়। ২৪ আগস্ট এরকম এক দোকানির মৌখিক অভিযোগের বিষয় তদন্তে করতে গিয়ে সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করা হয়। পরে মহানগর পুলিশের একাধিক টিম বিভিন্ন জেলায় আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অভিযান চালায়। বুধবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন বিকাশের ক্যাশ থেকে লুটে নেয়া ৭১ হাজার টাকাও উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে জানায়, তারা শুধু গাজীপুরে নয়, একইভাবে বিভিন্ন জেলায় বিকাশের দোকানের মোবাইল ব্যবহার করে সেন্ড মানি করে কিংবা ক্যাশ থেকে টাকা লুটে নেয়।