ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

মাথায় ৫০ ডিম ভেঙে বন্ধুর জন্মদিন উদযাপন, ৬ সহপাঠী আটক

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩২, ১৪ আগস্ট ২০২২
মাথায় ৫০ ডিম ভেঙে বন্ধুর জন্মদিন উদযাপন, ৬ সহপাঠী আটক
ছবি: সংগৃহীত

ফরিদপুরের বোয়ালমারীতে এক স্কুলছাত্রকে খুঁটির সঙ্গে বেঁধে জন্মদিন পালন করেছে তার সহপাঠীরা। এ সময় নবম শ্রেণির ওই ছাত্রের শরীরে ডিম, আটা-ময়দা ও নানা ধরনের প্রসাধনী মাখিয়ে দেয় বন্ধুরা।

শনিবার (১৩ আগস্ট) দুপুরের দিকে ৫০০ আসন বিশিষ্ট মাল্টিপারপাস সরকারি অডিটরিয়ামের সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয় থানার পুলিশ ওই ছাত্রকে উদ্ধার করে ঘটনার সঙ্গে জড়িত ছয়জনকে আটক করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বোয়ালমারী অডিটরিয়ামের সামনের একটি পরিত্যক্ত পুরোনো ভবনের খুঁটির সঙ্গে বেঁধে ওই শিক্ষার্থীর মাথায় ৫০টি ডিম ভেঙে জন্মদিন পালন করে তার বন্ধুরা। এ সময় তারা ওই কিশোরের শরীরে আটা-ময়দাসহ বিভিন্ন প্রসাধনী মাখিয়ে উল্লাস করে। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে তার ছয় বন্ধুকে থানায় নিয়ে যায়।  

থানার এসআই মামুন ইসলাম বলেন, খবর পেয়ে তাদের থানায় নিয়ে আসা হয়। পরে মুচলেকা নিয়ে ছাত্রদের অভিভাবকদের হাতে তুলে দেওয়া হয়।

এ ব্যাপারে জর্জ একাডেমির প্রধান শিক্ষক আব্দুল আজিজ বলেন, এ ধরনের ঘটনা দুঃখজনক। একজন ছাত্র যদি স্কুলে না এসে বাইরে কোনো অঘটন ঘটায় তাহলে আমরা কী করতে পারি। খোঁজ-খবর নিয়ে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

বোয়ালমারী থানার ওসি মোহাম্মদ আব্দুল ওহাব বলেন, এরা টিকটক পার্টি। সমাজে এসব ঘটনা আর বাড়তে দেওয়া যাবে না। ভবিষ্যতে এ ধরনের কাজ করবে না মর্মে ওই কিশোররা অঙ্গীকার করে ছাড়া পেয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: আটক ফরিদপুর
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!