মুক্তাগাছায় বাস-অটোরিকশা সংঘর্ষ, বাবা-ছেলের মৃত্যু
ময়মনসিংহের মুক্তাগাছায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ৪ জন।
শনিবার বেলা ১১টার দিকে মুক্তাগাছা উপজেলার ময়মনসিংহ-জামালপুর সড়কের তেঘরিয়া খান টিম্বার অ্যান্ড স’মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জামালপুর সদর উপজেলার গুদাশিমলা এলাকার আলাল উদ্দিনের ছেলে সোহেল মিয়া এবং তার ছেলে দেড় বছরের শিশু মোহাম্মদ আলী।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, ময়মনসিংহ থেকে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে জামালপুর থেকে ছেড়ে আসা রংধনু এক্সপ্রেস নামক বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় আহত হন অটোরিকশার ছয় যাত্রী। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে সোহেল মিয়া ও তার ছেলে মোহাম্মদ আলীর মৃত্যু হয়।
তিনি আরো জানান, প্রাথমিক চিকিৎসা শেষে আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাস ও অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে। তবে বাসচালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।