টেকনাফে প্রতিপক্ষের হামলায় ইয়াবা ব্যবসায়ী নিহত
কক্সবাজারের টেকনাফে মাদক ব্যবসা নিয়ে বিরোধের জের ধরে নুরুল হক ভুট্টো নামে এক মাদক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে তার প্রতিপক্ষরা। হত্যার পর তার দেহ থেকে পা বিচ্ছিন্ন করা হয়।
রোববার সন্ধ্যায় কক্সাবাজারের টেকনাফ সদর উপজেলা জালিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। রাত সাড়ে ৮ টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত নুরুল হক ভুট্টো ওই এলাকার এজাহার মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, ইয়াবা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে ইউপি কার্যালয় থেকে বিচার শেষে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষ একরাম বাহিনীর লোকজন গতিরোধ করে নূরুল হক ভুট্টোর ওপর হামলা করে। হামলাকারীরা তাকে উপর্যুপরি কুপিয়ে দেহ থেকে ডান পা বিচ্ছিন্ন করে ফেলে। পরে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়ার পথে মারা যায়।
নিহত ভুট্টোর ভাই ইউপি মেম্বার এনামুল হক জানান, ইউপি নির্বাচনের শত্রুতার জের ধরে তাকে (এনাম) না পেয়ে চাচাতো ভাই নুরুল হক ভুট্টোকে দা, কিরিচ দিয়ে কুপিয়ে আহত করে। পরে তার মৃত্যু হয়।
টেকনাফ থানার ওসি মো. হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নুরুল হক ভুট্টো ও একরামের মধ্যে দীর্ঘদিন ধরে মাদকের লেনদেন নিয়ে বিরোধ চলছিল। এই বিরোধের জেরে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। এ ঘটনার পর রোববার বাড়ি যাওয়ার পথে ভুট্টোর পথ আটকায় প্রতিপক্ষ একরাম ও তার সহযোগিরা। এক পর্যায়ে ভুট্টোকে উপর্যুপরি কুপিয়ে দেহ থেকে ডান পা বিচ্ছিন্ন করে ফেলে। পরে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়ার সময় তার মৃত্যু হয়।