বিয়ের প্রলোভন দেখিয়ে নারীদের পাচার করতো তারা
বিয়ের প্রলোভন দেখিয়ে চট্টগ্রাম থেকে ঢাকায় নিয়ে যাওয়া সংঘবদ্ধ মানবপাচারকারী চক্রের তিন সদস্যকে আটক করেছে র্যাব। শুক্রবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট নিয়াজ মোহাম্মদ চপল।
এর আগে, বুধবার রাত ও বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গাবতলী ও চট্টগ্রামের হাটহাজারী এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার সুখানদিঘী এলাকার ওসমানের ছেলে মোহাম্মদ নাঈম, রংপুরের পীরগঞ্জ উপজেলার জয়েন্তীপুর এলাকার ওয়াজেদ মন্ডলের ছেলে আসাদুজ্জামান নুর ও কুমিল্লার দেবীদ্বার উপজেলার ধোল্লা এলাকার সামছু মিয়ার মেয়ে ফাতেমা বেগম।
ফ্লাইট লেফটেন্যান্ট নিয়াজ মোহাম্মদ চপল জানান, ১৪ ডিসেম্বর এক ব্যক্তি অভিযোগ করেন- তার মেয়ে চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় একটি বাসায় গৃহ পরিচারিকার কাজ করতো। ১৩ ডিসেম্বর বাড়ির মালিক জানান, তার মেয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরত আসেনি। এরপরই তিনি হাটহাজারী থানায় জিডি করেন। সেই অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে র্যাব।
নজরদারির এক পর্যায়ে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে জানা যায়, ভুক্তভোগী রাজধানীর ফকিরাপুল এলাকায় অবস্থান করছে। এরপর বুধবার রাতে সেখানে অভিযান চালিয়ে একটি বাস থেকে তাকে উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যে একই রাতে রাজধানীর গাবতলী এলাকা থেকে নাঈম ও আসাদুজ্জামান নুরকে এবং বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের হাটহাজারী থেকে ফাতেমা বেগমকে আটক করা হয়।
নিয়াজ মোহাম্মদ চপল আরো জানান, আটককৃতরা সবাই মানবপাচারকারী দলের সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে একে অপরের সহায়তায় অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের সরলতা, দারিদ্রতা ও অসহায়ত্বকে কাজে লাগিয়ে বিয়েসহ নানা প্রলোভন দেখিয়ে পাচার করে আসছে বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করে তারা। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা হয়েছে।