ঢাকা,  সোমবার   ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

সেই আকিবের জ্ঞান ফিরেছে

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ০০:৩৩, ১ নভেম্বর ২০২১
সেই আকিবের জ্ঞান ফিরেছে
হাসপাতালে মাহাদী জে আকিব

হাসপাতালের বেডে শুয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়া চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মাহাদী জে আকিবের (২১) জ্ঞান ফিরেছে। তবে পরিস্থিতি এখনও আশংকাজনক হওয়ায় তাকে এখনও আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রোববার (৩১ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করে চমেক হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক এস এম নোমান খালেদ চৌধুরী বলেন, দুপুরের পরে তার জ্ঞান ফিরেছে। কথাও বলেছে। অবস্থা কিছুটা উন্নতির দিকে। তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হবে।

জানা গেছে, শনিবার সকালে চমেকে আধিপত্য বিস্তারের জেরে দুই গ্রুপের সংঘর্ষে গুরুতর আহত হন চমেকের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী  আকিব। এরপর তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। মস্তিষ্কে রক্ত জমে যাওয়ায় একইদিন দুপুরে সেখানেই তার মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন করা। এতেও অবস্থার উন্নতি না হওয়ায় তাকে হাসপাতালের আইসিইউতে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছিল।

আকিব হোসেনের বাড়ি কুমিল্লায়। তিনি চমেকের এমবিবিএস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। আকিবের চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নিতে মেডিকেল বোর্ড গঠন হয়েছে বলে জানিয়েছেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. আ ম ম মিনহাজুর রহমান।

তিনি বলেন, আকিবের মস্তিষ্কে রক্ত জমে যাওয়ায় সেখানে অপারেশন করতে হয়েছে। অপারেশনে রক্ত সরানো হলেও এখনো তিনি আশঙ্কামুক্ত নন। তাই তাকে আপাতত ভেন্টিলেটরে রাখা হয়েছে। মেডিকেল বোর্ড গঠন করে তার চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হচ্ছে।

এর আগে, শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত চমেকে দুই দফায় দুটি গ্রুপের সংঘর্ষ হয়। আধিপত্য বিস্তারের জেরে হওয়া এ সংঘর্ষে আকিব হোসেনসহ তিনজন আহত হন। ঘটনার পরপরই অনির্দিষ্টকালের জন্য চমেক বন্ধ ঘোষণা করে কলেজের একাডেমিক কাউন্সিল। একই সঙ্গে শনিবার সন্ধ্যার মধ্যে সব শিক্ষার্থীকে হল ছেড়ে যাওয়ার নির্দেশও দেওয়া হয়।

ডেইলি-বাংলাদেশ/AS
লিংক সফলভাবে কপি হয়েছে!