[ দেশজুড়ে ]
বগুড়ায় স্কুলছাত্রসহ দুজনকে ছুরিকাঘাত
ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়। ছবি: ডেইলি বাংলাদেশ
বগুড়ার সদর উপজেলায় মেহেদী হাসান অভি নামে ১৬ বছর বয়সী এক স্কুলছাত্র ও ফারুক নামে ৪০ বছর বয়সী রিকশাচালককে ছুরিকাঘাত করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় সদরের ফুলবাড়ী মধ্যপাড়া এলাকায় রিকশা-ভ্যানের গ্যারেজে এ ঘটনা ঘটে। আহত দুজনই ওই এলাকার বাসিন্দা। অভি দশম শ্রেণির শিক্ষার্থী।
এ তথ্য নিশ্চিত করেন ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির এসআই নজরুল ইসলাম।
গ্যারেজ মালিক রিয়াজসহ স্থানীয়রা জানান, সন্ধ্যায় অভি গ্যারেজেই বসে ছিলেন। ওই সময় ১২ থেকে ১৫ জন ধারালো দা, চাকু নিয়ে অভির ওপর হামলা চালায়। ওই সময় রিকশাচালক ফারুক অভিকে বাঁচাতে এগিয়ে যান। হামলাকারীরা ফারুককেও ছুরিকাঘাত করে। পরে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ফারুকের কাঁধে ও অভির হাতে ছুরিকাঘাত করা হয়েছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করান।
এসআই নজরুল ইসলাম বলেন, পূর্ব শক্রতার জেরে এ হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। জড়িতদের আটকের চেষ্টা চলছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!