চাটখিলে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
নোয়াখালীর চাটখিল উপজেলার রামগঞ্জ-নোয়াখালী সড়কে যাত্রীবাহী বাস চাপায় অমিত হাসান (১৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
এ ঘটনায় শাওন ও মিলন নামের আরো দুই আরোহী আহত হয়েছেন। তাদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার রাত ৮টার দিকে চাটখিল থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অমিত হাসান চাটখিল পৌরসভার ১ নম্বর ওয়ার্ড মির্জাপুর এলাকার নাছির উদ্দিনের ছেলে। আহতরা দুইজন একই এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানায়, রাতে অমিত, শাওন ও মিলন মোটরসাইকেলে চাটখিল থানার সামনে দিয়ে যাচ্ছিল। এসময় রামগঞ্জ থেকে মাইজদীর উদ্দেশ্যে ছেড়ে আসা ‘জননী সার্ভিস’ এর একটি যাত্রীবাহী বাস থানার সামনের সড়কে পৌঁছলে তাদের মোটরসাইকেলকে সামনে থেকে চাপা দেয়।
এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গিয়ে সড়কে ছিটকে পড়েন তিন আরোহী। বাসচাপায় ঘটনাস্থলে অমিত নিহত ও অপর দু’জন আহত হয়। মোটরসাইকেলকে চাপা দিয়ে বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করায় আটক করা সম্ভব হয়নি।
চাটখিল থানার ওসি আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার পর বাসটি দ্রুত পালিয়ে গেলেও সেটি শনাক্ত করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে বাসটি আটক করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।