ক্যাম্প থেকে অস্ত্রসহ রোহিঙ্গা দুই ভাই গ্রেফতার
কক্সবাজারের টেকনাফের চাকমারকুল ক্যাম্প এলাকা থেকে দেশীয় তৈরি একটি এক নলা বন্দুকসহ দুই রোহিঙ্গা সহোদরকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
সোমবার রাতে হোয়াইক্যং ইউপি চাকমারকুল ক্যাম্প এলাকা থেকে অস্ত্রসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন একই ক্যাম্পের ব্লক-এ/৬ বাসিন্দা রোহিঙ্গা মো. আয়ুবের ছেলে মো. হারেছ ও মো. ফাহেদ।
সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক মোহাম্মদ তারিকুল ইসলাম।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চাকমারকুল ক্যাম্পের দায়িত্বরত এপিবিএন পুলিশের একটি দল ক্যাম্পে ব্লক-বি/৭, ৪৫৮ নম্বর, তোহা ঘরে কয়েকজন রোহিঙ্গা ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন তথ্যে অভিযানে যায়। এ সময় এপিবিএন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় দেশীয় তৈরি একটি একনলা বন্দুকসহ দুই রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
তিনি আরো বলেন, উদ্ধারকৃত অস্ত্রসহ গ্রেফতারকৃত রোহিঙ্গাদের বিরুদ্ধে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
গ্রেফতার মো. হারেস চাকমারকুল ক্যাম্পে নুর হাকিম হত্যা মামলার প্রধান আসামি।