যৌনকর্মীদের ছয় দফা দাবি
ছয় দফা দাবিতে মানববন্ধন করেছেন খুলনার দাকোপ উপজেলার বানিয়াশান্তা পতিতা পল্লীর বাসিন্দারা। শনিবার দুপুরে পশুর নদীর তীরে এ মানববন্ধন করেন তারা।
দাবিগুলো হলো- শুধু ত্রাণ নয়, পশুর নদী উপকূলে বানিয়াশান্তায় টেকসই বাঁধ চাই। সব যৌন পল্লীর নারীদের জন্য স্বামী পরিত্যক্তা ভাতা চাই। অক্ষম যৌনকর্মীদের জন্য বয়স্ক ভাতা চাই। সারাদেশের সরকারি তালিকাভুক্ত সব যৌনকর্মীদের জন্য মাসিক রেশন চাই। যৌন পল্লীর শিশুদের জন্য শেল্টার হোম চাই। যৌন পল্লীর বৃদ্ধাদের জন্য সরকারি বাসস্থান চাই।

.png)
মানববন্ধনে যৌনকর্মীরা বলেন, বানিয়াশান্তার বাসিন্দারা আজ বড় অসহায়। করোনা পরিস্থিতিতে আমরা কঠিন পরিস্থিতি মোকাবিলা করেছি। ঘূর্ণিঝড় আম্ফানের ন্যায় এবার যশের প্রভাবে আমরা ফের ক্ষতিগ্রস্ত।
তারা আরো বলেন, এ পেশায় আমরা কেউই ইচ্ছা করে আসিনি। বিভিন্ন পরিস্থিতিতে পড়ে আমরা এখানে এসেছি। আমাদের কি কোনো সামাজিক মর্যাদা নেই। সমাজের অনেক মানুষ এখানে আসেন, আবার কাজ শেষে চলে যান, কিন্তু আমাদের কথা কেউ মনে রাখেন না। আমরা যেন সমাজের ভাসমান শেওলা। আমাদের কথা কেউ ভাবেন না।

ঘূর্ণিঝড় যশের প্রভাবে আমাদের অনেক ক্ষতি হয়েছে উল্লেখ করে যৌনকর্মীরা বলেন, যশের তাণ্ডবে আমাদের ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে। অনেকের ঘর ভেঙে গেছে। রান্নার জন্য নেই কোনো ব্যবস্থা। আমাদের মধ্যে বয়স্কদের অবস্থা আরো ভয়াবহ।