চুয়াডাঙ্গায় ভারত ফেরত যুবকসহ দুইজনের মৃত্যু
চুয়াডাঙ্গার সদর হাসপাতালের করোনা আইসোলেশনে চিকিৎসাধীন থাকা অবস্থায় ভারত ফেরত যুবকসহ দুইজনের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাতে তাদের মৃত্যু হয়।
ভারত ফেরত সাকিব উদ্দীন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা শহরের কলেজপাড়ার মিজানুর রহমানের ছেলে ও আবুল হোসেন দামুড়হুদা উপজেলার দর্শনার মদনা গ্রামের মৃত ফরদুল্লাহ আলীর ছেলে।
জানা গেছে, যুবক সাকিব উদ্দীন গত ১১ মে করোনা পজিটিভ অবস্থায় বেনাপোল বন্দর দিয়ে দেশে প্রবেশের পর চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হন। হাসপাতালের করোনা আইসোলেশনে চিকিৎসাধীন ছিলেন তিনি। এরপর গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।
অপর দিকে বৃদ্ধ আবুল হোসেন জ্বর ঠান্ডা ও শ্বাসকষ্ট নিয়ে গত ১৫ মে দুপুরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হন। সেখানে তার নমুনা পরীক্ষা করা হলে তিনি করোনা পজিটিভ হন। পরে হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন ছিলেন আবুল হোসেন। এরপর গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিতে তার মৃত্যু হয়।
চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান জানান, মারা যাওয়া দুই জনই করোনা পজিটিভ ছিলেন। এরমধ্যে ভারত ফেরত যুবক ক্যান্সারেও আক্রান্ত ছিলেন। তার শরীরে করোনার ভারতীয় ধরণ রয়েছে কিনা তা পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। সকল স্বাস্থ্যবিধি মেনে তাদের মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।