খালের মাঝখানে শৌচাগারের সেপটিক ট্যাংক
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের বাহাদিয়া খালের মাঝখানে নিজ বাড়ির শৌচাগারের সেপটিক ট্যাংক নির্মাণ করছেন এক প্রভাবশালী ব্যক্তি। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ হয়েছে।
সোমবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, বাহাদিয়া গ্রামের হায়েত আলী খানের ছেলে নাসির উদ্দিন বাড়ির উত্তর পাশে খালের মাঝখানে বড় একটি সেপটিক ট্যাংক নির্মাণ করছেন। কিন্তু প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পাচ্ছে না স্থানীয়রা।
স্থানীয় আলতাফ খান বলেন, খালের মাঝখানে টয়লেটের ট্যাংক নির্মাণ অযৌক্তিক। এতে দূষণের কবলে পড়বে পুরো এলাকা।
.png)
একই এলাকার রুবিয়া খাতুন বলেন, এ খালের পানি আমরা গোসলসহ গৃহস্থালির কাজে ব্যবহার করি। এছাড়া খাল থেকে আমরা মাছ ধরে খাই। টয়লেটের ট্যাংক নির্মাণ করা হলে খালের পানি গোসল ও গৃহস্থালির কাজে ব্যবহার তো দূরের কথা দুর্গন্ধে এলাকায় বসবাস করাই যাবে না।
অভিযুক্ত নাসির উদ্দিন বলেন, খালের যে অংশে সেপটিক ট্যাংক নির্মাণ করা হচ্ছে তা আমার নিজের জমি। টয়লেটের বর্জ্য যাতে বাইরে না আসে সেজন্য ঢাকনা দিয়ে আটকে দেয়া হবে।
এ বিষয়ে সিংগাইরের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহের নিগার সুলতানা বলেন, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।