খেলতে গিয়ে পুকুরে ডুবল ২ বছরের শিশু
কুষ্টিয়ার কুমারখালীতে পুকুরে ডুবে আরাফাত হোসেন নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার বিকেলে উপজেলার পান্টি ইউনিয়নের পান্টি গ্রামের মণ্ডলপাড়ায় এ ঘটনা ঘটে।
শিশু আরাফাত পান্টি গ্রামের মোস্তাক মণ্ডলের ছেলে। আরাফাতের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়রা জানায়, বাড়ির উঠানে খেলছিল শিশু আরাফাত। হঠাৎ তাকে দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়। একপর্যায়ে বাড়ির পাশে পুকুরে আরাফাতকে ভাসমান অবস্থায় দেখতে পান স্বজনরা। তাৎক্ষণিক তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরাফাতের বাবা মোস্তাক মণ্ডল বলেন, আরাফাতকে ছাড়া আমরা কীভাবে বাঁচবো। ভালোবাসা দিবসে আমার ছেলে দুনিয়া থেকে বিদায় নিলো। এসব বলে আহাজারি করছেন তিনি।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তাপস কুমার সরকার বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটি মারা যায়। শ্বাসনালী ও ফুসফুসে পানি ঢুকে দম বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।
কুমারখালী থানার ওসি মুজিবুর রহমান বলেন, বিষয়টি শুনেছি। ইউপি চেয়ারম্যানের সঙ্গে কথা হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো অভিযোগ করা হয়নি।