দিনাজপুরে ট্রেন-ট্রাক সংঘর্ষে গেটম্যান নিহত
দিনাজপুর ফুলবাড়ীতে মালবাহী ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষে সুশান্ত কুমার রায় নামে রেলক্রসিংয়ের এক গেটম্যান নিহত হয়েছেন।
মঙ্গলবার ভোরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহত হয়েছেন ট্রাক চালক সাইদুল ইসলাম। নিহত গেইটম্যান পাবনার ঈশ্বরদী উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
ট্রাক চালক সাইদুল ইসলাম নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার কফিলউদ্দিন মণ্ডলের ছেলে। সোমবার রাত ১টার দিকে ফুলবাড়ী পৌর শহরের ফুলবাড়ী-পাবর্তীপুর সড়কের রেলমটি নামক স্থানে রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।
.png)
মঙ্গলবার সকাল ৭টার দিকে নিহত গেইটম্যান সুশান্তের মরদেহ ট্রাকের নিচ থেকে উদ্ধার করে পার্বতিপুর জিআরপি থানা পুলিশ।
ফুলবাড়ী রেলওয়ে স্টেশন মাস্টার ইসরাফিল সরকার জানান, সোমবার রাত ১টার দিকে বিরামপুর থেকে ছেড়ে আসা ২৩ আপ রকেট মেইল ফুলবাড়ী স্টেশনের ১ নম্বর লাইনে প্রবেশ করে। এর ১ মিনিট পর স্টেশনের অনুমতি না নিয়ে এমজিবিসি নামক মালবাহী ট্রেনটি স্টেশনের ১ নম্বর লাইনে প্রবেশের চেষ্টা করে।
ট্রেনটি পার্বতীপুর থেকে মাল নিয়ে ঢাকা যাচ্ছিল। স্টেশন থেকে ৫০০ গজ উত্তর দিকে ফুলবাড়ী রেলঘুমটি নামক স্থানে ধান বোঝাই ট্রাকটি রেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেনটি ট্রাকটিকে ধাক্কা দেয়। ফলে ট্রাকটি ছিটকে রাস্তার পাশে পড়ে যায়। এ সময় ট্রাক চালক সাইদুল ইসলাম আহত হন।
মঙ্গলবার সকাল ৭টার দিকে ট্রাকটি সরানোর সময় ট্রাকের নিচে গেইট কিপার সুশান্ত কুমার দাসের মরদেহ পাওয়া যায়। দুর্ঘটনার পর ৫ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে ২৩ আপ রকেট মেইল নামক ট্রেনটি ভোর ৬টা ১০ মিনিটে ২ নম্বর লাইন দিয়ে ছেড়ে যায়। সকাল ৮টার দিকে মালবাহী ট্রেনটি লাইন থেকে সরিয়ে নেয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
তিনি আরো জানান, যেহেতু এমজিবিসি মালবাহী ট্রেনটি স্টেশনে প্রবেশের অনুমতি ছিল না, তাই গেইটম্যান রেলগেইট সিগন্যাল নামায় নি। সেই সময় ওই রেলগেইট দিয়ে কোনো ট্রেন যাওয়ার কথা ছিল না। ট্রেন চালকের ভুলের কারণে এই দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এমজিবিসি ট্রেনটি স্টেশনের ১ নম্বর লাইনে প্রবেশ করলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতো বলে তিনি জানান। কয়েকদিন আগে জয়পুরহাটে বাস-ট্রেন সংঘর্ষে ১২ জন নিহত হয়। সেই রেস কাটতে না কাটতে আবারো দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রেন-ট্রাক সংঘর্ষের ঘটনা ঘটেছে।