নাকে খত দেয়ানোর প্রতিশোধ নিতে খুন
চাঁদপুরের শাহরাস্তিতে ড্রাম থেকে উদ্ধার হওয়া যুবকের লাশের রহস্য উন্মোচন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তাদের অনুসন্ধানে বের হয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য।
চাঁদপুরের অ্যাডিশনাল এসপি শংকর কুমার দাস জানান, নাকে খত দেয়ানোতে প্ররোচিত করার প্রতিশোধ নিতেই ওই যুবককে হত্যা করা হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১টায় শহরের ওয়ারলেস বাজার কার্যালয়ে সংবাদ সস্মেলনে লিখিত বক্তব্য তিনি এ তথ্য জানান।
তিনি আরো জানান, চার বছর আগে স্থানীয় এক সালিশ বৈঠকে আসামি নুরে আলম, সারওয়ার আলম এবং তার আপন চাচাকে নাকে খত দিতে সিদ্দিকুর রহমান সালিশদারদের প্ররোচণা দেয়। এতে তারা চরম অপমান বোধ করেন। সেই থেকে সারওয়ার আলম সিদ্দিকুর রহমানের উপর প্রতিশোধ নেয়ার জন্য পরিকল্পনা করতে থাকে।
গত ৯ নভেম্বর রাতে সারওয়ার আলম তার ভাড়া বাসায় ডেকে আনে সিদ্দিকুরকে। পরে তার এক বন্ধুসহ সিদ্দিকুরকে ক্ষুর ও ছুরি দিয়ে ২০-২৫টি আঘাত করে তাকে হত্যা করে লাশ ড্রামে ভরে উপজেলার টামটা রাজাপুরা এলাকায় ফেলে রেখে যায়।
সারওয়ার আলমের দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ তার ভাড়া বাসায় গিয়ে হত্যার কাজে ব্যবহৃত ২টি ছোরা, ২টি ক্ষুর, ২টি ক্রিকেট স্ট্যাম্প, সারওয়ার আলমের রক্তমাখা ১টি জিন্সের প্যান্ট, ১টি গেঞ্জিসহ কাপড়-চোপড়, সিদ্দিকুর রহমানের জুতা এবং রক্তমাখা কাপড়-চোপড় ও মোটরসাইকেলের চাবিসহ বিভিন্ন আলামত উদ্ধার করে।
গত ১০ নভেম্বর রাত ৯টায় চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা রাজাপুরা এলাকায় স্টিলের ড্রাম থেকে সিদ্দিকুর রহমান নামে এক যুবকের গলা ও গোপনাঙ্গ কাটা লাশ উদ্ধার করে পুলিশ। সিদ্দিকুর রহমান কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার কাজীপাড়ার আমির হোসেনের ছেলে।