স্বপ্ন দেখিয়ে সর্বস্ব লুটে পালাল ‘ভুয়া এনজিও’
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় সঞ্চয় ও স্বল্প সুদে ঋণের স্বপ্ন দেখিয়ে কয়েকশ নিম্নবিত্ত মানুষের সর্বস্ব লুটে নিয়ে পালিয়েছে ‘এসকেএস’ নামে একটি ভুয়া এনজিও। সব হারিয়ে এনজিও’র তালাবদ্ধ অফিসের সামনে ভিড় করছেন ভুক্তভোগী শত শত মানুষ।
খোঁজ নিয়ে জানা গেছে, বালিয়াকান্দি শহরের তালপট্টি মাদরাসা সংলগ্ন এলাকায় অফিস ভাড়া নেয় ‘এসকেএস’। সঞ্চয় ও স্বল্প সুদে ঋণের আশ্বাসে ওই উপজেলার বিভিন্ন ইউনিয়নের শত শত মানুষের কাছ থেকে বিভিন্ন অংকের টাকা আদায় করে এনজিওটির কর্মকর্তা-কর্মচারীরা। এরপর ঋণ দেয়ার দিন গ্রাহকরা হাজির হওয়ার আগেই অফিস গুটিয়ে তালা ঝুলিয়ে পালায় তারা।
সরেজমিনে দেখা গেছে, বালিয়াকান্দি শহরের তালপট্টি মাদরাসা সংলগ্ন মানিক মিয়ার বাড়ির সামনে শতাধিক নারী-পুরুষের ভিড়। ওই বাড়িতেই ঝুলছে ‘এসকেএস’-এর সাইনবোর্ড। ভুক্তভোগীরা জানান, ওই উপজেলার নবাবপুর, নারুয়া, ঘোড়ামারা, সদাশিপুর, চরফরিদপুর, নতুনচর, ইন্দুরদীসহ বিভিন্ন ইউনিয়নের কয়েকশ মানুষের কাছ থেকে প্রায় ৬০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে ‘এসকেএস’। মঙ্গলবার সবাইকে ঋণ দেয়ার কথা ছিল। এর আগেই সুযোগ বুঝে পালিয়ে গেছে এনজিও’র কর্মকর্তা-কর্মচারীরা।
বাড়ির মালিক মানিক মিয়া বলেন, এক সপ্তাহ আগে ৩০ হাজার টাকা অগ্রিম ও মাসিক সাড়ে ছয় হাজার টাকা ভাড়ার চুক্তিতে অফিস ভাড়া নেয় ‘এসকেএস’। মঙ্গলবার চুক্তিপত্র চূড়ান্ত করার কথা ছিল। আমি এখানে এসে দেখি শত শত মানুষ ভিড় জমিয়েছে। তাদের সঙ্গে কথা বলে ওই এনজিও’র প্রতারণার বিষয়টি জানতে পারি।
বালিয়াকান্দির ইউএনও আম্বিয়া সুলতানা বলেন, বিষয়টি আমার জানা ছিল না। খবর পেয়েই ভুক্তভোগীদের বলেছি থানায় লিখিত অভিযোগ করতে। পুরো ঘটনা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।