বাড়ির উঠানের গর্তে স্ত্রীর লাশ, স্বামী পলাতক
কক্সবাজারের মহেশখালীতে নিখোঁজের পাঁচদিন পর পাওয়া গেছে গৃহবধূ আফরোজার লাশ। শনিবার রাতে নিজ বাড়ির উঠানে পুঁতে রাখা অবস্থায় তার লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামী রাকিব হাসান বাপ্পী পলাতক রয়েছেন।
নিহত আফরোজা বেগম ওই উপজেলার উত্তর নলবিলার রাকিব হাসান বাপ্পীর স্ত্রী।
নিহত আফরোজার বড় ভাই মিজান জানান, বাপ্পী ও তার পরিবারের সদস্যরা তার বোন আফরোজাকে হত্যা করে লাশ বাড়ির উঠানে পুঁতে রেখেছে। ঘটনা ধামাচাপা দিতে বাপ্পীর ভগ্নিপতি শহীদুল ইসলাম কাজল উঠেপড়ে লেগেছে।
মহেশখালী থানার ওসি আব্দুল হাই জানান, প্রায় ৯ মাস আগে উত্তর নলবিলার রাকিব হাসান বাপ্পীর সঙ্গে হোয়ানক পুঁইছড়ার মো. ইসহাকের মেয়ে আফরোজা বেগমের বিয়ে হয়। বাপ্পীর এটি তৃতীয় বিয়ে। কিন্তু আফরোজাকে বিয়ের পর তালাক দেয়া স্ত্রীর সঙ্গে পুনরায় যোগাযোগ শুরু করেন তিনি। এ নিয়ে আফরোজার সঙ্গে বিবাদ হয় তার। এই ইস্যুতে আফরোজাকে প্রায়ই নির্যাতন করতেন বাপ্পী।
ওসি আরো জানান, ১২ অক্টোবর হঠাৎ নিখোঁজ হন আফরোজা। এরপর থেকেই বাপ্পী পলাতক। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জ্যায় খুঁজেও বাপ্পী-আফরোজার সন্ধান না পেয়ে বিষয়টি পুলিশকে জানায়। পাঁচদিন খোঁজাখুঁজির পর নিজ বাড়ির উঠানেই আফরোজার লাশ পাওয়া যায়। কিন্তু পলাতক বাপ্পীর সন্ধান মেলেনি। তদন্ত চলছে। জড়িতদের শিগগিরই আইনের আওতায় আনা হবে।