ঢাকা,  মঙ্গলবার   ২০ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

একই পরিবারের তিনজনের মৃত্যু, তদন্তে সিআইডি ক্রাইম টিম 

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫৪, ১৫ অক্টোবর ২০২০
একই পরিবারের তিনজনের মৃত্যু, তদন্তে সিআইডি ক্রাইম টিম 
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় একই পরিবারের তিনজনের মৃত্যুর রহস্য উদঘাটনে জেলা সিআইডি ক্রাইম টিমের একটি দল তদন্তে কাজ করছে।  

জানা যায়, উপজেলার ভরনিয়া শিয়ালডাঙ্গী গ্রামে বৃহস্পতিবার ভোরে বাড়ির পাশের ডোবা থেকে আকবর আলীর স্ত্রী আরিদা খাতুন ও মেয়ে আঁখি আকতার ও ছেলে আরাফাত  এর মরদেহ দেখে স্থানীয় লোকজন থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। 

স্থানীয় লোকজন বলছেন, অভাবের তাড়নায় এ মৃত্যুর কারণ হতে পারে। অনেকেই বলছেন, মুত্যু রহস্য আকবর আলীকে জিজ্ঞাসা করলেই বেরিয়ে আসবে। 

আকবর আলী জানান, গতকাল বুধবার রাতে স্ত্রী আরিদার সঙ্গে ভ্যান কেনার বিষয়ে ঋণের টাকা নিয়ে তর্ক হয়। এক পর্যায়ে তাদের মধ্যে এ বিষয়ে কথা কাটাকাটি হয়। এ সময় আলিদা অভিমান করে বলেন, তার সংসার করবে না। 

এরপর রাতের খাওয়া সেরে সবাই অন্যান্য দিনের মতো ঘুমিয়ে পড়েন। ভোররাতে আকবর আলি ঘুম থেকে উঠে দেখেন তার স্ত্রী ও দুই সন্তান ঘরে নেই।

এ সময় তিনি বাড়ির আশেপাশে ও গ্রামে অনেক খোঁজাখুঁজি করেও কোথাও না পেয়ে স্ত্রী আরিদার বাপের বাড়িতে যোগাযোগের চেষ্টা করে। সেখানেও তার সন্ধান পাননি তিনি। পরে সকালে বাড়ির পাশে একটি ছোট্ট ডোবায় স্ত্রী ও দুই সন্তানের মরদেহ পড়ে থাকতে দেখেন।

এএসপি তোফাজ্জল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং তিনজনের মরদেহ উদ্ধার করে। মৃত্যুর কারণ এখন পর্যন্ত নিশ্চিত করা সম্ভব হয়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

ওসি আব্দুল লতিফ (তদন্ত) বলেন, মৃত্যুর কারণ তদন্তের স্বার্থে বলা যাচ্ছে না। রহস্য উদঘাটনে ঠাকুরগাঁও সিআইডি ক্রাইম টিমের একটি দল তদন্তে কাজ করছে।  

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!