ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

কলাবাগান থেকে উদ্ধার হওয়া নবজাতক পেল নতুন বাবা-মা

নিজস্ব প্রতিবেদক 
প্রকাশিত: ১৬:১২, ৮ সেপ্টেম্বর ২০২০
কলাবাগান থেকে উদ্ধার হওয়া নবজাতক পেল নতুন বাবা-মা
কলাবাগান থেকে উদ্ধার হওয়া শিশুটির নাম রাখা হয় ফাতিমা বিনতে খান

নেত্রকোনায় কলাবাগান থেকে উদ্ধার হওয়া নবজাতকটি দীর্ঘ একমাস পর ফিরে পেল অভিভাবক। নতুন বাবা-মা হিসেবে দায়িত্ব নিলেন নিঃসন্তান এক দম্পতি। নতুন বাবার সঙ্গে মিল রেখে শিশুর নাম রাখা হয় ফাতিমা বিনতে খান।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে আইনি জটিলতা শেষে ডিসির সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে শিশুটিকে নতুন বাবা মায়ের হাতে তুলে দেয়া হয়।

রুহুল আমিন খান দম্পতিও জায়গা লিখে দিয়ে শিশুটিকে নিজের সন্তান হিসেবে পেয়ে আনন্দিত। তারা আলোকিত মানুষ হিসেবে শিশুটিকে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।

এ সময় শিশু কল্যাণ বোর্ডের সদস্যদের নিয়ে নেত্রকোনার ডিসি কাজি আবদুর রহমান ও এসপি মো. আকবর আলী মুনসী শিশুটিকে নিঃসন্তান এক দম্পতির হাতে তুলে দেন। এর আগে অভিভাবক বাছাই শেষে গত ২৫ আগস্ট শিশুটির নাম রাখা হয় ফাতিমা বিনতে খান। মদন উপজেলার বালালী গ্রামের রুহুল আমিন খানের নামানুসারে শিশুটির নাম রাখা হয়।

গত ৯ আগস্ট নেত্রকোনা জেলা সদরের কাইলাটি ইউপির ফচিকা এলাকার একটি কলাবাগানে নবজাতকটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশের জরুরি সেবায় ৯৯৯ কল দেন। পরে মডেল থানার পুলিশ শিশুটিকে উদ্ধার করে সমাজ সেবার মাধ্যমে জেলা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। 

উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সদস্য সচিব ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. আব্দল্লাহ আল মামুন বলেন, শিশুটিকে নিতে ছয় দম্পতি আবেদন করেছিলেন। যাচাই বাছাই করে এবং সব শর্তে রাজি হয়ে জমি লিখে দেয়ার পর শিশুটিকে রুহুল আমীন দম্পতির কাছে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।। ভবিষ্যতে তাদের কোনো সন্তান জন্ম নিলেও ফাতিমা তাদের প্রথম সন্তান হিসেবে সব স্থাবর অস্থাবর সম্পত্তিতে সমান অধিকার ভোগ করবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!