‘পরেরবার এসে জীবন নিয়ে যাব’
‘এবার শুধু টাকা নিয়ে গেলাম। পুলিশকে বললে পরেরবার এসে জীবন নিয়ে যাব।’ মঙ্গলবার রাতে ক্ষুদ্র এক ব্যবসায়ীর দোকান থেকে ২০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যাওয়ার সময় দুই ছিনতাইকারী এমনই হুমকি দিয়ে যায়।
রাজশাহী নগরীর রাজপাড়া থানার বিলসিমলা এলাকার ব্যবসায়ী রাকিব এ কথা জানান।
রাকিব টেলিকম নামে একটি দোকানে মঙ্গলবার রাতে হানা দেয় দুই ছিনতাইকারী। রাকিবের মাথায় পিস্তল ঠেকিয়ে ক্যাশ থেকে ২০ হাজার নিয়ে যায় তারা। যাওয়ার সময় দুই ছিনতাইকারী টাকা নেয়ার কথা পুলিশকে বললে, পরেরবার এসে জীবনটাই নিয়ে যাবে বলে হুমকি দেয়।
জানা গেছে, রাকিব ক্ষুদ্র পরিসরে মোবাইল রিচার্জ আর বিকাশ লেনদেন করেন। করোনার কারণে অনেক দিন ব্যবসা-বাণিজ্য বন্ধ ছিল। ছোট এই দোকানটাই তার রুটি-রুজির অবলম্বন। মঙ্গলবার রাতে দোকান লাগানোর সময় দুই ছিনতাইকারী মাথায় পিস্তল ঠেকিয়ে ক্যাশ থেকে ২০ হাজার টাকা নিয়ে যায়।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, নগরীতে ছিনতাইকারীর সংখ্যা বেড়ে গেছে। দোকানে প্রায়ই হানা দিচ্ছে ছিনতাইকারীরা। ছিনতাই উপদ্রবের কারণে দোকানিরা সন্ধ্যার পর পরই দোকানপাট বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন।
এডিসি গোলাম রুহুল কুদ্দুস জানান, ছিনতাইকারী ধরতে অভিযান শুরু হয়েছে। অনেকেই ধরা পড়েছে। যারা এখনও তৎপর আছে, তারাও পুলিশের হাতে ধরা পড়বে।