ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

চাঁদা না দেয়ায় যুবককে বাড়ির সামনে কুপিয়ে হত্যা

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫২, ২০ আগস্ট ২০২০
চাঁদা না দেয়ায় যুবককে বাড়ির সামনে কুপিয়ে হত্যা
ছবি : সংগৃহীত

নরসিংদী সদর উপজেলার হাজীপুর ইউপির মধ্য দাসপাড়ায় চাঁদা না দেয়ায় অপু দাস নামে এক যুবককে বাড়ির সামনে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।

দুপুর দেড়টার দিকে মানিক নামে এক সাউন্ড ব্যবসায়ীকে ধাওয়া দেয় দুর্বৃত্তরা। এ সময় মানিক অপুর বাড়ির ভেতর দিয়ে ঢুকে পেছন দিয়ে পালিয়ে যায়। এ সময় হৈ চৈ শুনে অপুর ছোট ভাই শিবু দাস ঘর থেকে বের হয়ে আসেন। এতে দুর্বৃত্তরা শিবুর ওপর চড়াও হয় এবং মানিককে বের করে দিতে বলে। অন্যথায় পাঁচ হাজার টাকা দাবি করে তারা।

এ সময় শিবু তার বড় ভাই অপুকে খবর পাঠান। অপু আসার পরপরই তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিবু দাস বলেন, হৈ চৈ শুনে ঘর থেকে বের হওয়ামাত্রই কয়েক যুবক মানিককে বের করে দিতে বলে। কিন্তু আমি মানিক নামে কাউকে চিনি না বললেও তারা বিশ্বাস করে না। পরে আমার কাছে পাঁচ হাজার টাকা দাবি করে। কিসের টাকা জানতে চাইলে তারা আমাকে মারপিট শুরু করে।

পরে আমি বড় ভাইকে ফোন দেই। এর মধ্যে তারা আমাকে ধারালো অস্ত্র  দিয়ে আঘাত করে। পরে আমার ভাই এগিয়ে এলে তাকেও আঘাত করে। ভাইকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

নরসিংদী সদর মডেল থানার ওসি বিপ্লব কুমার দত্ত জানান, এ ঘটনায় নুরুল ইসলাম নামে একজনকে আটক করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!