ঢাকা,  শুক্রবার   ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

[ সাতরং ]

পানি বাড়লেই জমে ওঠে মানিকগঞ্জের ঐতিহ্যবাহী নৌকার হাট

সাতরঙ ডেস্ক
প্রকাশিত: ১১:৫৫, ২৮ আগস্ট ২০২০
পানি বাড়লেই জমে ওঠে মানিকগঞ্জের ঐতিহ্যবাহী নৌকার হাট
ছবি: মানিকগঞ্জের ঐতিহ্যবাহী নৌকার হাট

চারদিকে শুধু ছোট বড় নৌকা। উপর থেকে দেখলে মনে হবে ফুল ফুটে রয়েছে। মানিকগঞ্জের ঘিওর উপজেলায় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে প্রতি বছর বর্ষা মৌসুমের শুরু থেকে সপ্তাহের প্রতি বুধবার বসে ঐতিহ্যবাহী নৌকার হাট। বহু বছর ধরে ঘিওর উপজেলা সদরে বসছে এ নৌকার হাট।

বর্ষা এলেই জমজমাট হয়ে ওঠে হাটমানিকগঞ্জের বিভিন্ন উপজেলা ছাড়াও আশপাশের জেলার বিভিন্ন এলাকা থেকে অনেকেই নৌকা কিনতে আসেন এই হাটে। জানা গেছে, নৌকাগুলো তৈরি হয় সাধারণত কড়ই, রেইনট্রি, মেহগনি, চাম্বল ও আম কাঠ থেকে। একটি নৌকা তৈরি করতে সময় লাগে প্রায় দুই থেকে পাঁচ দিন। ঘিওর হাটে সাধারণত ছোট ছোট কোষা নৌকারই বিকিকিনি বেশি। বিক্রেতারা বড় নৌকা, রিকশা, ভ্যান কিংবা নসিমনে করে ঘিওরের হাটে নৌকা নিয়ে আসেন। দূরদূরান্ত থেকে আসা ক্রেতারাও নৌকা কিনে নিয়ে যান।

নৌকার হাটনদী-নালা ও জলাশয়ে পানি কতদিন থাকছে তার ওপর নির্ভর করে এ হাটের স্থায়িত্ব। এ বছর পানি দীর্ঘ সময় থাকায় কার্তিকের শেষ অবধি চলতে পারে এ হাট। মৌসুমের শুরুতে চাহিদা বেশি থাকায় ঈদগাহ মাঠ পেরিয়ে লাগোয়া ঘিওর সরকারি কলেজ মাঠেও নৌকা নিয়ে বসেন বিক্রেতারা। ধীরে ধীরে চাহিদা কমে গেলে হাট সীমিত হয়ে পড়ে ঈদগাহ মাঠেই।

বিক্রেতারা জানান, মৌসুমের শুরুতে ঘিওরের প্রতি হাট বারে ৩৫০ থেকে ৪০০ নৌকা বিক্রি হয়। বর্ষার শেষভাগে বিক্রি কমে যায়। তখন সপ্তাহে বিক্রি হয় ৭৫ থেকে ১০০ নৌকা। আকার ও কাঠের ধরন অনুযায়ী প্রতিটি নৌকা বিক্রি হয় চার হাজার থেকে ষোল হাজার টাকায়।

নৌকাগুলো তৈরি করতে সময় লাগে দুই থেকে পাঁচ দিনআকার ও কাঠের প্রকারভেদে একেক নৌকার একেক রকম দাম হয়ে থাকে। সাধারণত, একটি ১০ হাতি নৌকা তৈরিতে একজনের সময় লাগে দুই দিন। কাঠ ও মজুরি মিলিয়ে খরচ পড়ে ২০০০ থেকে ৩০০০ টাকা। হাটে সেই নৌকাটি বিক্রি হয় ৩০০০ থেকে ৩৫০০ টাকায়। হাটে সাধারণত ১০ ও ১১ হাতি নৌকার চাহিদাই বেশি।

দেশের বিভিন্ন স্থান থেকে মানুষেরা এই হাটে নৌকা কিনতে আসেন। কেউ কেউ রিকশা-ভ্যান, নছিমন কিংবা ট্রলারে করে নৌকা সাজিয়ে নিয়ে যান দূর-দূরান্তে। শত বছরের পুরোনো ঐতিহ্যবাহী এই হাটে প্রতিটি বিক্রীত নৌকা থেকে ৪ শতাংশ হারে টোল আদায় করা হয়। বর্ষার সময় প্রতি হাটে ৪০০ থেকে ৫০০টি নৌকা ওঠে। এর মধ্যে ৩০০ থেকে ৩৫০টি নৌকা বিক্রি হয়ে থাকে।

দেশের বিভিন্ন স্থান থেকে নৌকা কিনতে আসেন ক্রেতারামানিকগঞ্জ জেলার দৌলতপুর, শিবালয়, হরিরামপুর ও ঘিওর উপজেলা পদ্মা, যমুনা, ধলেশ্বরী ও ইছামতী নদীবেষ্টিত। এছাড়া রয়েছে অসংখ্য খাল-বিল ও ডোবা-নালা। বর্ষার সময় এগুলো পানিতে থাকে টইটম্বুর। এসব উপজেলায় রয়েছে বিভিন্ন চরাঞ্চল ও নিম্নাঞ্চল। 

নদ-নদী থেকে যখন পানি উপচে পড়ে, তখন এসব চরাঞ্চল ও নিম্নাঞ্চলে রাস্তা-ঘাটে পানি উঠে পড়ে। তখন চলাচলের প্রধান বাহন এই নৌকা। এ ছাড়া কৃষিকাজ, গোখাদ্য, খেত থেকে সবজি ও ফসল সংগ্রহ করে বিক্রি, মাছ শিকার ও হাটবাজারে নিয়ে যাওয়া এবং খাল-বিল থেকে শাপলা তোলাসহ নানান প্রয়োজনে নৌকা অপরিহার্য। যুগ যুগ ধরে নৌকা এসব অঞ্চলের ঐতিহ্য বহন করে আসছে।

ডেইলি-বাংলাদেশ/জেএমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!