ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ একদিনের হতাহত ]

বৃহস্পতিবার ১০ জন হতাহত

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৪:২৭, ২২ মার্চ ২০২৪
বৃহস্পতিবার ১০ জন হতাহত
ছবি: ডেইলি বাংলাদেশ

বিভিন্ন ঘটনায় বৃহস্পতিবার (২১ মার্চ) সারাদেশে দশজনের হতাহতের খবর পাওয়া গেছে। এর মধ্যে ছয়জন নিহত ও চারজন আহত হয়েছেন।

এর মধ্যে পাঁচজনই মারা গেছেন তীব্র জ্বর ও রক্ত বমি হয়ে। গণমাধ্যমের খবর থেকে জানা যায়, রাঙ্গামাটির বরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়নের ঠেগা চান্দবী ঘাট এলাকায় অজ্ঞাত রোগে ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয় ও রাঙ্গামাটি স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, বরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের গুইছড়ি মৌজার চান্দবিঘাট এলাকায় বিভিন্ন উপসর্গ নিয়ে জানুয়ারি মাস থেকে এই পর্যন্ত আক্রান্ত হন প্রায় ১৪ জন। এদের মধ্যে জানুয়ারি মাসে ২ জন, ফেব্রুয়ারিতে ২ জন এবং চলতি মার্চে ১ জন মারা গেছেন।

ভূষণছড়া ইউনিয়নের ২নং ওয়ার্ড মেম্বার প্রীতিশংকর দেওয়ান ও গ্রাম প্রধান (কার্বারী) শীব রতন চাকমা বলেন, গ্রামে গত জানুয়ারি মাস থেকে এক অজ্ঞাত রোগ দেখা দেয়। অজ্ঞাত রোগে আক্রান্ত রোগীর প্রথমে শরীরে প্রচণ্ড ব্যথা, জ্বর, এরপরে রক্ত বমি হয়। যেসব রোগী রক্ত বমি করেছেন তারা মারা গেছেন। 

Advertisement

অপরদিকে নোয়াখালীর সদর উপজেলার পশ্চিম চরউরিয়া গ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে বসত ঘরের বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক বৃদ্ধ মারা যান। এ সময় তাকে বাঁচাতে গিয়ে তার ছেলে, ছেলের বউ ও বেয়াইনসহ তিনজন দগ্ধ হন। নিহত মো. নুর ইসলাম (৬৩) উপজেলার নোয়াখালী ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের পশ্চিম চর উরিয়া গ্রামের মৃত হাবীব উল্যার ছেলে। সে পেশায় একজন ক্ষুদ্র ব্যবসায়ী ছিল।

এদিকে, তিনদিন পর কুমিল্লার নাঙ্গলকোটে বিজয় এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি উদ্ধারসহ মেরামত শেষে ক্ষতিগ্রস্ত আপলাইনে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে। বুধবার (২০ মার্চ) রাতে এ তথ্য নিশ্চিত করেন রেলের চট্টগ্রাম বিভাগের ম্যানেজার সাইফুল ইসলাম। উদ্ধারকালে এক রেলকর্মী গুরুতর আহত হন। তার নাম শাখাওয়াত হোসেন। তার একটি পা মারাত্মকভাবে জখম হয়েছে। তিনি বর্তমানে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন।

ডেইলি-বাংলাদেশ/আরআই
লিংক সফলভাবে কপি হয়েছে!