নিহত এমদাদুল হক কাজল পিরোজপুরের নেছারাবাদ উপজেলার মোহাম্মদ সৈয়দ আলীর ছেলে।
শনিবার সন্ধ্যায় বিজয় সরণি মেট্রো স্টেশনের নিচে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় দুজনকে উদ্ধার করে শহিদ সোহরাওয়ার্দী ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে রাত ১১টার দিকে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।
.png)
নিহত কাজলের ছোট ভাই মোহাম্মদ জয় বলেন, আমার ভাই একটি বেসরকারি কসমেটিকস উৎপাদনকারী কোম্পানিতে চাকরি করতেন। শনিবার সন্ধ্যায় মিরপুর থেকে ভাড়ায়চালিত পাঠাও মোটরবাইকে যাওয়ার পথে বিজয় সরণি এলাকায় অন্য একটি মোটরবাইকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে দুজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যাই। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য আমার ভাইকে ঢাকা মেডিকেলে নেয়া হয়। সেখানে রাতে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।