ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

পলিথিনবিরোধী অভিযানে ২৯ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৪৪, ৪ জানুয়ারি ২০২৫
পলিথিনবিরোধী অভিযানে ২৯ লাখ টাকা জরিমানা
সংগৃহীত ছবি

সারা দেশে গত ৩ নভেম্বর থেকে ২১৬টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে ৪৩৮টি প্রতিষ্ঠানকে প্রায় ২৮ লাখ ৭৩ হাজার ৩০০ টাকা জরিমানা ও ৫৯ হাজার ৯৫৯ কেজি পলিথিন জব্দ করা হয়েছে।

শনিবার রাজধানীর হাতিরপুল ও পলাশী কাঁচাবাজারে পলিথিন ব্যবহার রোধে পরিচালিত মনিটরিং কার্যক্রম শেষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মনিটরিং কমিটির সভাপতি ও অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাস সাংবাদিকদের এ কথা জানান।

এ সময় অবৈধ পলিথিন শপিং ব্যাগ উৎপাদন বন্ধে অভিযান জোরদার করা হবে বলে জানান তিনি। 

Advertisement

তিনি বলেন, এজন্য ভ্রাম্যমাণ আদালতের সংখ্যা বাড়ানো হয়েছে। অবৈধ পলিথিন পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

তপন কুমার বলেন, পলিথিনের কারণে পরিবেশ দূষণ ভয়াবহ আকার ধারণ করেছে। এটি নদী-খালের প্রবাহ বাধাগ্রস্ত করছে এবং মাটির উর্বরতা নষ্ট করছে। নিষেধাজ্ঞা কার্যকর করতে জনসচেতনতা বাড়ানো ও বিকল্প ব্যাগ ব্যবহারে অভ্যস্ততা গড়ে তোলার আহ্বান জানান তিনি।  

তপন কুমার বলেন, বাজারে গেলে নিজের ব্যাগ নিয়ে যেতে হবে। পাটের, কাপড়ের ব্যাগের পাশাপাশি মোমপালিশ করা কাগজের ব্যাগে মাছ-মাংস নেওয়া যায়।  

গণমাধ্যমের সহযোগিতা চেয়ে তিনি আরো বলেন, আমরা পলিথিন বন্ধে সফল হতে সবার সহযোগিতা চাই।

মনিটরিং কার্যক্রমে পরিবেশ মন্ত্রণালয়, পরিবেশ অধিদফতরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও সংশ্লিষ্ট বাজার কমিটির প্রতিনিধিরা অংশ নেন।

মনিটরিং টিম বাজারের দোকানগুলোতে পলিথিন ব্যাগের ব্যবহার পর্যবেক্ষণ করে। দোকানিদের পাট ও কাপড়ের ব্যাগ ব্যবহারে উৎসাহিত করতে প্রচারণাও চালানো হয়।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!