ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ঢাকায় হঠাৎ কেন এত কুয়াশা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:১৭, ২ জানুয়ারি ২০২৫
ঢাকায় হঠাৎ কেন এত কুয়াশা
ঘন কুয়াশায় আচ্ছন্ন রাজধানী। সকাল ১০টায় রাজধানীর কাকলী এলাকা থেকে তোলা। ছবি: নুরুল করিম

সকাল ১০টা। রাজধানী ঢাকায় এখনো সূর্যের দেখা মেলেনি। আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসই সত্যি হলো; নতুন বছরে রাজধানীতে বেড়েছে শীতের অনুভব। আজ বৃহস্পতিবার সকালটা ঘন কুয়াশায় আচ্ছন্ন রাজধানী। 

বৃহস্পতিবার সকাল থেকে কুয়াশায় ঢেকে গেছে রাজধানী ঢাকা। কুয়াশার পাশাপাশি ঠান্ডা বাতাস শীতের তীব্রতা বাড়িয়ে তুলেছে। ঘন কুয়াশার কারণে ঢাকাসহ দেশের কোথাও কোথাও দুপুর পর্যন্ত শীতের অনুভূতি থাকতে পারে।

ঢাকায় হঠাৎ যে কুয়াশা দেখা যাচ্ছে, আবহাওয়াবিদেরা এটিকে ‘অ্যাডভেকশন ফগ’ বা পরিচালন কুয়াশা বলেন। এই কুয়াশার চাদর, দীর্ঘ সময় ধরে থাকে। গত বছরের জানুয়ারি মাসে এটি ছিল প্রায় দুই সপ্তাহ ধরে।

Advertisement

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ বলছিলেন, পরিচালন কুয়াশা মানে হলো এটি এক জায়গায় থাকে না। এখন যে কুয়াশা দেখা যাচ্ছে, এটি বাংলাদেশে প্রবেশ করেছে মূলত ভারতের দিল্লি, উত্তর প্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গ হয়ে দেশের উত্তরাঞ্চল দিয়ে।

আবহাওয়া অধিদফতরের তথ্য পর্যালোচনায় দেখা যাচ্ছে, নতুন বছরের প্রথম দিন গতকাল বুধবার রাজধানী ঢাকায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য কমে ৫ ডিগ্রিতে নামে, যা কয়েকদিন আগেও ১০ ডিগ্রির বেশি ছিল। বুধবার ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ ছিল ২০.৭ ডিগ্রি সেলসিয়াস।

মঙ্গলবার আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, জানুয়ারিতে একটি থেকে তিনটি মৃদু থেকে মাঝারি এবং একটি থেকে দুটি তীব্র শৈত্যপ্রবাহ থাকতে পারে। তাপমাত্রা আজ থেকে কমে আসলেও রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, সিলেট বিভাগে শীতের অনুভূতি বাড়বে বুধবার থেকে। ধীরে ধীরে মধ্যাঞ্চল হয়ে দেশের পূর্বাঞ্চল পর্যন্ত এর বিস্তার হতে পারে।

আগামী কয়েকদিন কুয়াশার পরিমাণও বেড়ে যাবে বলে জানান এ আবহাওয়াবিদ। তিনি আরও বলেন, দেশের পশ্চিমাঞ্চলে বিচ্ছিন্নভাবে শৈত্যপ্রবাহ থাকবে। প্রাথমিকভাবে এটি শুক্রবার পর্যন্ত থাকতে পারে। 

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!