ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

গ্যাস সিলিন্ডার নিয়ে প্রমাণ লোপাটের চেষ্টা, রেস্টুরেন্টকর্মী আটক

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৪, ২০ ডিসেম্বর ২০২৪
গ্যাস সিলিন্ডার নিয়ে প্রমাণ লোপাটের চেষ্টা, রেস্টুরেন্টকর্মী আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

উত্তরা ১২ নম্বর সেক্টরে অবস্থিত একটি বাণিজ্যিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে লাভলিন বাংলা রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

অগ্নিকাণ্ডে রেস্টুরেন্ট, ডেন্টাল ক্লিনিক, নারীদের বুটিক ও বিউটি পার্লারসহ পুরো ভবনটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভবনের ভেতরে কাউকে প্রবেশ করতে দিচ্ছেন না, কারণ এটি বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় প্রমাণ লোপাটের চেষ্টা করার সময় রেস্টুরেন্টের এক কর্মীকে আটক করেছে পুলিশ।

Advertisement

উত্তরা পশ্চিম থানার ওসি হাফিজুর রহমান জানিয়েছেন, অগ্নিকাণ্ডের সময় আটকা পড়া ১০ জনকে ফায়ার সার্ভিস নিরাপদে উদ্ধার করেছে।

দি গ্যালাক্সি জিমের পরিচালক মো. রাজিব জানান, প্রতিদিনের মতো জিম খুলে বিশ্রাম নিচ্ছিলাম। হঠাৎ বিকট শব্দে আতঙ্কিত হয়ে দরজা খুলতেই দেখি কালো ধোঁয়ায় পুরো ভবনটি অন্ধকার হয়ে গেছে। দৌড়াদৌড়ি করেও বের হতে পারিনি। পরবর্তীতে জানালার গ্লাস ভেঙে পাইপ ধরে নিচে নেমে আসি।

তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা এসে বিউটি পার্লারে আটকে থাকা কর্মীদের নিরাপদে বের করে। তারা জানায়, শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় ভবনে জনসমাগম কম ছিল। অন্যথায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারত।

অগ্নিকাণ্ডের পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেন সেনাবাহিনীর সদস্যরা। নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাটালিয়নের সদস্যরা দায়িত্ব পালন করছেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিস্ফোরণের ফলে রেস্টুরেন্ট এবং অন্যান্য ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে। তবে ক্ষতির সঠিক পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি।

এ ঘটনায় অগ্নিকাণ্ডের উৎস ও ভবিষ্যৎ ঝুঁকি এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে আরও তদন্ত কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!