শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় শিক্ষক ফোরাম আয়োজিত এক মানববন্ধনে এসব কথা বলেন ফোরামের সিনিয়র সহ-সভাপতি মাওলানা এ বি এম জাকারিয়া।
তিনি বলেন, বিগত ১৬ বছরে ফ্যাসিস্ট সরকার ধর্ম শিক্ষাকে সংকুচিত করেছে। ধর্মীয় শিক্ষকের পদ সৃষ্টি না করে বৈষম্য সৃষ্টি করেছে। হাজার হাজার ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত জুলাই-অভ্যুত্থানের পরও এই বৈষম্য বাংলাদেশের শিক্ষক অভিভাবক ও ছাত্র সমাজ মেনে নেবে না। ২০২৫ শিক্ষাবর্ষ শুরু হওয়ার আগেই প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষকের পদ সৃষ্টি করতে হবে।
.png)
এ বি এম জাকারিয়া বলেন, ফ্যাসিস্ট সরকার নতুন কারিকুলামের নামে ভারতীয় শিক্ষা সংস্কৃতি দেশের মানুষের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, যা দেশের জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। ২০১৩ সালে ২৬ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকার জাতীয়করণ করলেও ইসলাম ফোবিয়ার কারণে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার জাতীয়করণ করেনি।
মানববন্ধনে উপস্থিত ছিলেন- সংগঠনের সহ-সভাপতি অধ্যক্ষ নেছার উদ্দিন, সেক্রেটারি জেনারেল ডা. প্রভাষক আব্দুস সবুর, সহকারী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মাওলানা আহসানুল্লাহ খান, সাংগঠনিক সম্পাদক আর আই এম অহিদুজ্জামান প্রমুখ।