ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশন চালু মঙ্গলবার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৩৪, ১৪ অক্টোবর ২০২৪
মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশন চালু মঙ্গলবার
ফাইল ফটো

বৈষম্যবিরোধী আন্দোলনে ক্ষতি হওয়া মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশনটি দীর্ঘ ৮৮ দিন বন্ধ থাকার পর আগামীকাল মঙ্গলবার (১৫ অক্টোবর) চালু হতে যাচ্ছে।

সোমবার রাজধানীর উত্তরায় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ।

তিনি বলেন, ২ মাস ১৭ দিন পর মঙ্গলবার সকাল থেকে চালু হচ্ছে মেট্রোরেলের মিরপুর-১০ নম্বর স্টেশনটি। তবে স্টেশনটি পুনরায় ব্যবহার উপযোগী করতে কত ব্যয় হয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিতে পারেননি তিনি।

ডিএমটিসিএল এমডি বলেন, ব্যয় কত হলো, সে প্রশ্ন এখনই করবেন না। এটা আমরা নিরূপণে কাজ করছি।

অবশ্য গত বৃহস্পতিবার এমডি আব্দুর রউফ জানিয়েছিলেন, কাজীপাড়া স্টেশন মেরামতে প্রাথমিকভাবে খরচ হয়েছে ২০ লাখ ৫০ হাজার টাকা। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মিরপুর-১০ স্টেশনের যন্ত্রপাতি মেরামত ও প্রতিস্থাপনে কাজীপাড়ার চেয়ে খরচ বেশি হবে বলে জানিয়েছিলেন তিনি।

উল্লেখ্য, শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী আন্দোলনের ডাকা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চলার সময় ১৯ জুলাই সন্ধ্যায় মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনে ব্যাপক ভাঙচুর চালানো হয়। স্টেশনের টিকিট ভেন্ডিং মেশিন, মূল স্টেশনে যাত্রী প্রবেশের পাঞ্চ মেশিনসহ সবকিছু ভাঙচুর করা হয়। ফলে কর্তৃপক্ষ ৩৭ দিন ধরে দুটি স্টেশন বন্ধ রাখতে বাধ্য হয়।

২৫ আগস্ট থেকে মেট্রোরেল চলাচল শুরু হলেও ক্ষতিগ্রস্ত ঐ দুটি স্টেশন বন্ধ ছিল। পরে কর্তৃপক্ষ কাজীপাড়া স্টেশনটি স্বল্প খরচে মেরামত করে ২০ সেপ্টেম্বর পুনরায় চালু করে।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
ট্যাগ: মেট্রোরেল
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!