ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

বৃষ্টি থামতেই ফের বাড়ছে দূষণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৩৬, ৭ অক্টোবর ২০২৪
বৃষ্টি থামতেই ফের বাড়ছে দূষণ
ফাইল ফটো

জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে বিশ্বের বিভিন্ন শহরের মতো ঢাকাতেও দিন দিন বাড়ছে বায়ুদূষণ। মাঝে বেশ কয়েকদিন দূষিত বাতাস কম থাকলেও সম্প্রতি বৃষ্টি থেমে যাওয়ায় দূষণ ফের বাড়তে শুরু করেছে।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ১৫৮ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে উঠে এসেছে রাজধানী ঢাকা, যা দূষণের দিক থেকে অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত।

একই সময়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ১৭০ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। এছাড়া ১৬৮ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভিয়েতনামের রাজধানী হ্যানয়, ১৬৫ স্কোর নিয়ে পরের অবস্থানে রয়েছে ভারতের দিল্লি শহর, ১৬২ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে মঙ্গোলিয়ার উলানবাটার ও পঞ্চম অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা, যার স্কোর ১৫৮।

Advertisement

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

সাধারণত একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে। যেমন -বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!