ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

মুগদায় তিন ভাইয়ের ওপর দুর্বৃত্তের হামলা, নিহত ১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৪
মুগদায় তিন ভাইয়ের ওপর দুর্বৃত্তের হামলা, নিহত ১
ফাইল ফটো

রাজধানীর মুগদা কাজিবাড়ি মসজিদ এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আশিক এলাহী শাকিল নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের আরো দুই ভাই আশিক পারভেজ সুজন ও আশিক শামস ছুরিকাঘাত ও দুর্বৃত্তের রডের আঘাতে গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

শুক্রবার রাত ১০টার দিকে মুগদার মান্ডা এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তিন ভাইকে ঢামেক হাসপাতালে নেয়া হলে রাত পৌনে ১২টার দিকে জরুরি বিভাগের চিকিৎসক আশিক এলাহী শাকিলকে মৃত ঘোষণা করেন।

নিহত শাকিলের বাবা মো. ওমর ফারুক বলেন, আমার তিন ছেলে মান্ডা এলাকায় বোতলজাত এলপি গ্যাসের ব্যবসা করতো। শুক্রবার রাতে আমাদের এক কর্মচারীকে কয়েকজন দুর্বৃত্ত মারধর করছে- এমন খবর পেয়ে আমার মেজ ছেলে শাকিল বিষয়টি জানতে গেলে ঐ দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে। পরে আমার বড় ছেলে সুজন ও ছোট ছেলে শামস ঘটনাস্থলে গেলে তাদেরও ধারালো অস্ত্র এবং রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায় তারা।

Advertisement

তিনি আরো বলেন, ঘটনাস্থল থেকে আমার তিন ছেলেকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান, মেজ ছেলে শাকিল আর বেঁচে নেই। অন্য দুই ছেলে জরুরি বিভাগে চিকিৎসাধীন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রক্তাক্ত অবস্থায় একই পরিবারের তিন ভাইকে হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক মেজ ভাইকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত অন্য দুই ভাইকে জরুরি বিভাগে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আশিকের মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!