ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

হাজারীবাগে ছুরিকাঘাতে যুবদল কর্মী নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩:২৯, ৩০ আগস্ট ২০২৪
হাজারীবাগে ছুরিকাঘাতে যুবদল কর্মী নিহত
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরী বিভাগ; ফাইল ছবি

রাজধানীর হাজারীবাগ গনকটুলি এলাকায় ছুরিকাঘাতে ইফতিয়ার হোসেন ইমন (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি ২২ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য ছিলেন বলে জানা যায়।

শুক্রবার (৩০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গনকটুলি প্রাইমারি স্কুল মাঠে এ ঘটনা ঘটে। পরে গুরুতর অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ৯টার দিকে তার মৃত্যু হয়।

নিহত ইমন পরিবারের সঙ্গে হাজারীবাগ গনকটুলি মসজিদ গলিতে থাকতেন। তার বাবার নাম মো. ইউসুফ। ইমন একটি কোম্পানিতে চাকরি করতেন।

Advertisement

ইমনের বন্ধু জাহিদ হোসেন জানান, সন্ধ্যার দিকে প্রাইমারি স্কুলের মাঠে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিল ইমন। এ সময় একই এলাকার ছোট ভাই রাফিন নামে এক ছেলে তাকে শাসন করে। সেখানে উপস্থিত হয় রাফিনের বন্ধু এলাকার জাহাঙ্গীরের ছেলে সানজু (২২)। তখন সানজুর সঙ্গে কথা কাটাকাটি হয় ইমনের। এক পর্যায়ে সানজু বাসা থেকে ছুরি নিয়ে এসে ইমনের বুকের বাম পাশে আঘাত করে। এ সময় ইমন মাটিতে লুটিয়ে পড়ে। পরে দ্রুত তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়।

ইমনের বাবা ইউসুফ বলেন, তার বড় ছেলে ইমন একটি কোম্পানিতে চাকরি করতো। পাশাপাশি হাজারীবাগ থানা ২২ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য ছিল। সন্ধ্যায় জানতে পারি জাহাঙ্গীরের ছেলে আমার ছেলেকে ছুরিকাঘাত করেছে। ঘটনাস্থলে গিয়ে ইমনকে রক্তাক্ত অবস্থায় দেখতে পাই। পরে দ্রুত তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, হাজারীবাগ থেকে ওই যুবককে স্বজনরা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে এসে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওই যুবকের বুকের বাম পাশে ছুরিকাঘাত রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/AS
লিংক সফলভাবে কপি হয়েছে!