ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

২৪ দিন পর এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায় শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:২৭, ১১ আগস্ট ২০২৪
২৪ দিন পর এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায় শুরু
ছবি: সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট সহিংসতায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোলপ্লাজা ভাঙচুর ও পুড়িয়ে দেওয়ায় দীর্ঘদিন বন্ধ ছিল যানবাহন চলাচল। ৫ আগস্ট যানবাহন চলাচল শুরু হলেও বন্ধ ছিল টোল আদায়। ২৪ দিন পর পুনরায় টোল আদায় কার্যক্রম শুরু হয়েছে। তবে আগুনে ক্ষতিগ্রস্ত হওয়ায় আপাতত বন্ধই থাকছে এক্সপ্রেসওয়ের বনানী ও মহাখালী টোলপ্লাজা।

রোববার এই তথ্য নিশ্চিত করেছেন এলিভেটেড এক্সপ্রেসওয়ের অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স বিভাগের ব্যবস্থাপক হাসিব হাসান খান।

তিনি বলেন, বনানীর চেয়ারম্যান বাড়ি ও মহাখালী টোলপ্লাজা বাদে বাকি টোলপ্লাজায় বেলা ৩টা থেকে টোল আদায় শুরু হয়েছে। আমাদের বিমানবন্দর, কুড়িল, তেজগাঁও, কুড়িল, বনানী-১ প্লাজা ঠিক আছে। এসব প্লাজায় আমরা আগের নিয়মে টোল আদায় করছি।

Advertisement

হাসিব হাসান খান বলেন, বনানী (চেয়ারম্যান বাড়ি) এবং মহাখালী প্লাজা আপাতত বন্ধ থাকবে। কোম্পানি সিদ্ধান্ত নিলে পরে আমরা সেখানে ম্যানুয়াল পদ্ধতিতে টোল আদায় চালু করতে পারবো।

কোটা সংস্কার আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই রাতে বনানী ও ১৯ জুলাই বিকেলে মহাখালী টোলপ্লাজায় আগুন দেওয়া হয়। শত শত লোকজন টোলপ্লাজায় হামলা চালায়। আগুনে টোল বুথ, ছাউনি, সিস্টেম সম্পূর্ণ পুড়ে যায়। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কারফিউ পুরোপুরি তুলে না নেয়া পর্যন্ত এক্সপ্রেসওয়ে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে (এফডিইই) কোম্পানি লিমিটেড। আগুনে আনুমানিক ৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানায় প্রতিষ্ঠানটি।

গত ৫ আগস্ট বিকেলে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে রিকশা, মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা চলাচল শুরু করে। এই বাহনগুলোর এক্সপ্রেসওয়েতে চলাচলে বিধিনিষেধ রয়েছে। তবে শিক্ষার্থীদের স্বেচ্ছাশ্রমের উদ্যোগে দুই দিনের মধ্যে রিকশা, মোটরসাইকেল ও অটোরিকশা চলাচল বন্ধ হয়। এই সময় ব্যক্তিগত গাড়ি, বাস, ট্রাক টোল ছাড়া চলাচল করে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!