ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

বিমানবন্দর স্টেশনে থামবে না পশ্চিমাঞ্চলের কোনো ট্রেন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:২৪, ১১ জুন ২০২৪
বিমানবন্দর স্টেশনে থামবে না পশ্চিমাঞ্চলের কোনো ট্রেন
ফাইল ফটো

ঢাকাগামী পশ্চিমাঞ্চলের সব ট্রেনের বিমানবন্দর রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতি আগামীকাল বুধবার থেকে বাতিল করেছে বাংলাদেশ রেলওয়ে। আসন্ন ঈদুল আজহায় ট্রেনের সময়ানুবর্তিতা বজায় রাখা এবং শিডিউল বিপর্যয় নিরসনে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সম্প্রতি ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের নেয়া কর্মপরিকল্পনায় বলা হয়েছে, ঈদযাত্রা শুরুর দিন ১২ জুন (বুধবার) থেকে ঈদের আগের দিন পর্যন্ত (রোববার, ১৬ জুন) ঢাকাগামী পশ্চিমাঞ্চলের কোনো ট্রেনের ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রা বিরতি থাকবে না। 

অন্যদিকে সুন্দরবন, মধুমতি, বেনাপোল এক্সপ্রেস, নকশীকাঁথা ও চন্দনা কমিউটার ট্রেন ঢাকা রেলওয়ে স্টেশনের শহরতলি প্লাটফর্ম থেকে যাত্রা শুরু করবে।

Advertisement

আরো বলা হয়, টিকিটধারী যাত্রীদের ভ্রমণের সুবিধার্থে ঈদের আগে ১২ জুন থেকে জয়দেবপুর ও বিমানবন্দর স্টেশন থেকে ঢাকামুখী এবং ঢাকা স্টেশন থেকে বিমানবন্দর ও জয়দেবপুরগামী আন্তঃজোনাল আন্তঃনগর ট্রেনে কোনো টিকিট ইস্যু করা হবে না। ঈদ উপলক্ষে ঈদের ১০ দিন আগে এবং ঈদের পরে ১০ দিন পর্যন্ত ট্রেনে সেলুনকার সংযোজন করা হবে না।

বিনা টিকিটের যাত্রী প্রতিরোধে ঢাকা, বিমানবন্দর, জয়দেবপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, খুলনাসহ সব বড় বড় স্টেশনে জিআরপি, আরএনবি, বিজিবি ও স্থানীয় পুলিশ এবং র‍্যাবের সহযোগিতায় টিকিট বিহীন যাত্রী স্টেশনে প্রবেশের প্রতিরোধে সার্বক্ষণিক প্রহরার ব্যবস্থা করা হবে। তাছাড়া জেলা প্রশাসকদের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!