ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রেমালের প্রভাব, রাজধানীতে মধ্যরাত থেকে দমকা বাতাস-বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৩২, ২৭ মে ২০২৪
রেমালের প্রভাব, রাজধানীতে মধ্যরাত থেকে দমকা বাতাস-বৃষ্টি
ফাইল ছবি

বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় রেমাল রোববার (২৬ মে) দিবাগত রাত ৯টা থেকে উপকূল অতিক্রম শুরু করে। ঘূর্ণিঝড়টির তাণ্ডবে উপকূলীয় অঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি পড়ছে। বাদ যায়নি রাজধানী ঢাকাও। মধ্যরাত থেকে এখানে থেমে থেমে বৃষ্টি ঝরছে। সঙ্গে বইছে দমকা বাতাস।

রোববার দিবাগত রাত ২টার দিকে আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক এক প্রেস ব্রিফিংয়ে রেমাল সম্পর্কে তথ্য জানান। তিনি বলেন, বৃষ্টি ঝরিয়ে সকালের দিকে দুর্বল হবে ঘূর্ণিঝড় রেমাল। রোববার রাত থেকেই বেশিরভাগ এলাকায় ঝড়বৃষ্টি হচ্ছে। সোমবার সারাদেশে বৃষ্টি হবে। এমনকি মঙ্গলবারও এই বৃষ্টি অব্যাহত থাকতে পারে। 

এদিকে রাতভর উপকূল ও এর আশপাশে তাণ্ডব চালিয়ে এখন শক্তি হারাতে শুরু করেছে ঘূর্ণিঝড় রেমাল। জানা গেছে, সাতক্ষীরায় রাতভর বৃষ্টি ও ঝড়ো হাওয়া বয়ে গেছে। জলোচ্ছ্বাসে কয়েকটি এলাকায় বাঁধ ভেঙে যায়।

Advertisement

এ সময় বিষখালী-সন্ধ্যা, পায়রা, আন্ধারমানিক, গলাচিপা ও তেঁতুলিয়া নদীর উপচেপড়া পানিতে বরগুনা ও পটুয়াখালীর নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ব্যাপক ক্ষতি হয়েছে কলাপাড়া, খেপুপাড়া ও কুয়াকাটায়। বরগুনায় তলিয়ে গেছে ২৭ গ্রাম, ভেঙে গেছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ।

পিরোজপুরের মঠবাড়িয়ার বলেশ্বর নদীর পানিতে কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে। বাগেরহাটের বলেশ্বর, পানগুছি-খাসিয়াখালী এবং দড়াটানা নদীর পানি বিপৎসীমার ওপরে। শরণখোলা ও মোড়লগঞ্জের বেশ কিছু এলাকা প্লাবিত।

কক্সবাজারে জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে ২১ গ্রাম। নোয়াখালীর হাতিয়ার বেশকিছু এলাকা প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি হাজারো মানুষ। খুলনার উপকূলীয় উপজেলা দাকোপ, কয়রা, পাইকগাছা ও বটিয়াঘাটায়ও ব্যাপক তাণ্ডব চালিয়েছে রেমাল। তলিয়ে গেছে সুন্দরবনের পর্যটনকেন্দ্র।

ভোলার চর কুকরিমুকরিসহ বেশকিছু উপজেলা রেমালের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। রেমালের প্রভাবে মানিকগঞ্জে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি বন্ধ রয়েছে। শরীয়তপুর-চাঁদপুর নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!