ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ডিএসসিসির সব কর্মচারীর জন্য আবাসনের উদ্যোগ নেয়া হচ্ছে: মেয়র তাপস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:২৯, ৭ মে ২০২৪
ডিএসসিসির সব কর্মচারীর জন্য আবাসনের উদ্যোগ নেয়া হচ্ছে: মেয়র তাপস
ছবি: ডেইলি বাংলাদেশ

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে (ডিএসসিসি) কর্মরত সকল কর্মচারীর জন্য আবাসনের উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

মঙ্গলবার ডিএসসিসির নগর ভবন প্রাঙ্গণে দয়াগঞ্জ ও ধলপুরের পরিচ্ছন্নতাকর্মী নিবাসের বাসা বরাদ্দপত্র ও চাবি হস্তান্তর অনুষ্ঠানে এ কথা বলেন তিনি 

মেয়র তাপস বলেন, আগে বাসা বরাদ্দ নিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আপবাদ ছিল। এটা দুর্নীতির অন্যতম একটি খাত ছিল। আমরা অনিয়ম-দুর্নীতির সেসব চক্র ভেঙে দিয়েছি। ফলে বাসা বরাদ্দ প্রদানে এখন আর কেউ অনিয়ম-দুর্নীতি করার সাহস দেখায় না। যারা যোগ্য, যাদের প্রাপ্যতার ন্যায্যতা রয়েছে আমরা এখন তাদেরই বাসা বরাদ্দ দিচ্ছি।

Advertisement

তিনি আরো বলেন, বাসা বরাদ্দে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন স্বচ্ছতার অনন্য নজির সৃষ্টি করেছে। এরই মধ্যে অনেককেই বাসা বরাদ্দ দেওয়া হয়েছে। ফলে কর্পোরেশনের কর্মচারীদের মধ্যে উল্লেখযোগ্য অংশের আবাসন নিশ্চিত হয়েছে। পর্যায়ক্রমে সব কর্মচারীর জন্য আবাসন নিশ্চিত করার উদ্যোগ নেয়া হচ্ছে।

যতদিন দায়িত্বে থাকবো, ততদিন দখলদার উচ্ছেদ কার্যক্রম চলমান থাকবে জানিয়ে ডিএসসিসি মেয়র বলেন, আমাদের আবাসনগুলোর মধ্যে একটা বড় অংশই একসময় অবৈধ দখলদারদের নিয়ন্ত্রণে ছিল। দায়িত্ব নেয়ার পর সেসব দখলদারদের আমরা উচ্ছেদ করে চলেছি। এটি চলমান থাকবে। যতদিন আমি আছি, ততদিন এই কর্পোরেশনের আবাসনগুলোতে কোনো অবৈধ দখলদার থাকতে দেবো না। 

ডিএসসিসি সচিব আকরামুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, ৪০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবুল কালাম আজাদ ও ৪৯ নম্বর কাউন্সিলর বাদল সরদার প্রমুখ।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!