ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

হিট অফিসারের পরামর্শে যা পাচ্ছেন রিকশাচালকরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:০১, ২৮ এপ্রিল ২০২৪
হিট অফিসারের পরামর্শে যা পাচ্ছেন রিকশাচালকরা
রিকশাচালকদের মাঝে ছাতা, পানি ও খাবার স্যালাইন বিতরণ করেন মেয়র আতিকুল ইসলাম

রিকশাচালকদেরকে বিশেষ ছাতা ও খাবার পানি এবং স্যালাইন বিতরণ করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। চিফ হিট অফিসারের পরামর্শে এ উদ্যোগ বাস্তবায়ণ করা হচ্ছে বলে জানিয়েছেন মেয়র মো. আতিকুল ইসলাম।

তিনি বলেন, মোট ৩৫ হাজার রিকশাচালকের প্রত্যেকে বিনামূল্যে একটি করে ছাতা, ১২ প্যাকেট খাবার স্যালাইন ও একটি হাফ লিটার পানির জার দেওয়া হবে।

রোবববার গুলশান-২ নম্বর নগর ভবনের সামনে রিকশাচালকদের মাঝে ছাতা বিতরণ কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন ডিএনসিসি মেয়র।

Advertisement

তিনি বলেন, ছাতাটা আমরা বিশেষভাবে তৈরি করেছি। এটা অ্যাডজাস্টেবল। কোনো রিকশাচালক লম্বা হলে ছাতার উচ্চতা বাড়িয়ে নিতে পারবে, কেউ উচ্চতায় কম হলে ছাতার উচ্চতা কমিয়ে নিতে পারবে। তাদের প্রত্যেককে হাফ লিটার পানির জার দিচ্ছি। এতে একটি স্যালাইন মিশিয়ে খেতে পারবে। এক লিটার জার দেওয়ার কথা ভেবেছিলাম, কিন্তু স্যালাইন মিশিয়ে খাওয়ার বিষয় বিবেচনা করে হাফ লিটার জার দিচ্ছি। চিফ হিট অফিসার বুশরা আফরিনের পরামর্শে এ কার্যক্রম হাতে নেয়া হয়েছে। 

মেয়র আতিকুল ইসলাম বলেন, স্প্রে ক্যাননের মাধ্যমে পানি ছিটানোর কাজটি চলমান থাকবে। পার্কগুলোতেও পানির স্প্রে করা হবে। যদিও পার্কে স্প্রে করার কাজটি বেশ ব্যয়বহুল। আমি আহ্বান করছি- কেউ চাইলে সহযোগিতা করতে পারেন। কেউ ছাতা দিতে চাইলে আমাদের সহযোগিতা করতে পারেন। অনেক কোম্পানি অথবা ব্যক্তি এগিয়ে আসতে পারেন।

তিনি বলেন, প্রতিটি ওয়ার্ডে তিনটি বিশেষ ভ্যানগাড়িকে (৫০০ লিটার পানির ট্যাংক সম্বলিত) পথচারীদের পানি পান করানোর জন্য নামানো হয়েছে। ভ্যানগুলো বিশুদ্ধ খাবার পানি নিয়ে ওয়ার্ডের বিভিন্ন জায়গায় ঘুরবে। এই ভ্যানগুলো ছোট আকারে করা হয়েছে, যেন শহরের অলিগলিতে প্রবেশ করতে পারে এবং পথচারী ও শ্রমজীবী মানুষ যেন পানি খেতে পারে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএনসিসি মেয়র আরো বলেন, আমরা গত বছর ৮০ হাজার গাছ লাগিয়েছি। এ বছর আরো এক লাখ ২০ হাজার গাছ লাগাবো। কিছু কিছু জায়গায় কিছু গাছ মারা গেছে। আসলে আমাদের আগে গাছের পরিচর্যার জন্য মালি ছিল না। ৪৭ জন মালি, তিনজন সুপারভাইজারের নিয়োগ প্রক্রিয়াধীন। মালি নিয়োগ হয়ে গেলে পরিচর্যা জোরদার করা হবে। আমি নগরবাসীকেও অনুরোধ করছি গাছগুলো দেখে রাখার জন্য।

ছাতা বিতরণ কার্যক্রম দেখতে আসেন বাংলাদেশে নিযুক্ত সৌদির রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান, আলজেরিয়ার রাষ্ট্রদূত মোহাম্মদ জুলকার নায়েন, বাংলাদেশে নিযুক্ত পা‌কিস্তা‌নের হাইক‌মিশনার সৈয়দ আহমেদ মারুফ ও ফিলিস্তিনের উপ-রাষ্ট্রদূত।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!