ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ডিএনসিসিতে বায়ুদূষণ কমাতে ৩ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির অনুমোদন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৫০, ১৭ জানুয়ারি ২০২৪
ডিএনসিসিতে বায়ুদূষণ কমাতে ৩ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির অনুমোদন
ফাইল ফটো

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) আওতাধীন এলাকায় বায়ুদূষণ ও তাপমাত্রা কমাতে গবেষণার মাধ্যমে কারণ ও সম্ভাব্য প্রতিকার খুঁজে বের করতে তিনটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির সিদ্ধান্ত নেয়া হয়েছে। সংস্থা তিনটি হলো- সেন্টার ফর অ্যাটমসফরিক পলিউশন স্টাডিজ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও ঢাকা নর্থ কমিউনিটি টাউন ফেডারেশন।

বুধবার রাজধানীর গুলশান-২ নগর ভবনের হলরুমে ২য় পরিষদের ২৫তম কর্পোরেশন সভায় ‘তাপমাত্রা এবং বায়ু দূষণ হ্রাসে উদ্ভিদের ভূমিকার উপর বেসলাইন স্টাডি: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অনানুষ্ঠানিক সেটেলমেন্টে একটি গবেষণা’ শীর্ষক কার্যক্রম পরিচালনার জন্য তিনটি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়টি সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়েছে।

এ বিষয়ে মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, ঢাকা শহরে তাপমাত্রা  দিন দিন বেড়েই চলেছে। এছাড়া বর্তমানে ঢাকার বায়ু দূষণ অনেক বেশি। আমরা এরই মধ্যে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছি। তাপমাত্রা নিয়ন্ত্রণে ও বায়ুদূষণ রোধে এটি ভূমিকা রাখবে। তিনটি প্রতিষ্ঠানের সঙ্গে এই চুক্তির ফলে গবেষণা করে বায়ুদূষণ রোধে এবং তাপমাত্রা নিয়ন্ত্রণে আরো কি কি করণীয় সে বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেয়া সম্ভব হবে। শহরের পরিবেশ রক্ষায় এই সমন্বিত উদ্যোগ ব্যাপক ভূমিকা রাখবে।

Advertisement

সভায় ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিকের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খায়রুল আলম, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহ. আমিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এস এম শরিফ-উল ইসলাম, ডিএনসিসির সব বিভাগীয় প্রধান ও ডিএনসিসির কাউন্সিলর এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!