গেন্ডারিয়া থানার ওসি মো. আবু সাঈদ আল মামুন এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেফতাররা হলেন দিলীপ ঘোষ ও তার স্ত্রী রিনা ঘোষ।
তিনি বলেন, গত ১৫ নভেম্বর রাত ৯টার দিকে বাসার রুমের সামনে জুতা রাখাকে কেন্দ্র করে দিলীপ ঘোষ ছোট ভাইয়ের স্ত্রী রেখা রানী দাসকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। রেখার স্বামী মিঠুন কুমার ঘোষ গালিগালাজের প্রতিবাদ করলে দিলীপ ও তার স্ত্রী রিনা মিঠুনের ওপর কিল–ঘুষি ও বুকে লাথি মেরে রুমের সামনে ফেলে দেয়।
.png)
পরে দিলীপ ঘোষ তার ভাই মিঠুনকে কাঠের খাটের পায়া দিয়ে এলোপাতাড়ি আঘাত করলে মিঠুন অজ্ঞান হয়ে যায়। তাৎক্ষণিক তার স্ত্রী রেখা রানীর চিৎকারে তার ভাতিজা অর্নব ঘোষ ও অর্পণ ঘোষের সহায়তায় মিঠুনকে ঢাকা ন্যাশনাল হাসপাতালে নিলে চিকিৎসক মিঠুনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মিঠুনের স্ত্রী বাদী হয়ে গেন্ডারিয়া থানায় মামলা দায়ের করেন।
এ ঘটনার পরপরই থানা-পুলিশ তদন্ত শুরু করে। ঐদিন গেন্ডারিয়া থেকে দিলীপের স্ত্রী রিনাকে থানা পুলিশ গ্রেফতার করে। ঘটনার দায় স্বীকার করে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে রিনা।
পরে তথ্য ও প্রযুক্তির সহায়তায় ১৮ নভেম্বর টাঙ্গাইলের মির্জাপুর এলাকা থেকে দিলীপ ঘোষকে গ্রেফতার করা হয়।