ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

খাজা টাওয়ারে আগুন, কল-ডেটা ব্যবহারে অসুবিধার সম্মুখীন গ্রাহকরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:১৫, ২৬ অক্টোবর ২০২৩
খাজা টাওয়ারে আগুন, কল-ডেটা ব্যবহারে অসুবিধার সম্মুখীন গ্রাহকরা
ছবি: সংগৃহীত

রাজধানীর মহাখালীতে খাজা টাওয়ারের ১৩ তলায় আগুন লাগায় সব ডেটা সেন্টার ডাউন হয়ে পড়েছে। এতে মোবাইল ফোন গ্রাহকরা ভয়েস কলসহ ডেটা ব্যবহারে অসুবিধার সম্মুখীন হচ্ছেন।

বৃহস্পতিবার আগুন লাগার পর ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান নেক্সট অনলাইনের এজিএম মাহফুজুল ইসলাম জানান, মহাখালীর যে ভবনটিতে আগুন লেগেছে সেখান থেকে অনেক ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) প্রতিষ্ঠান সেবা দিয়ে থাকে। বাংলাদেশের শীর্ষস্থানীয় সব আইআইজি প্রতিষ্ঠানের ডেটা সেন্টার খাজা টাওয়ারে অবস্থিত। তাই গ্রাহকরা সমস্যার সম্মুখীন হচ্ছেন।

তিনি বলেন, আইটি সেক্টরের অনেক সার্ভিস চলে মহাখালীর খাজা টাওয়ার থেকে। শুধু ইন্টারনেটই নয়, আরো অনেক সার্ভিস আছে সেখানে। এখন আইএসপি অনেক বেশি অর্গানাইজড। এক জায়গায় সমস্যা হলে বিকল্প উপায়ে কাজ চালানো হয়। এরপরও ভবনে আগুন লাগার কারণে অনেক সমস্যা পোহাতে হচ্ছে। আর্থ কমিউনিকেশনের একটা বড় আইআইজি আছে ওখানে। এছাড়া অধিকাংশ আইএসপির পপ ওখানে। কমবেশি সব প্রতিষ্ঠানে আগুনের প্রভাব পড়ছে।

Advertisement

শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোন জানায়, মহাখালীর আমতলীর খাজা টাওয়ারে আগুন লাগার কারণে কারিগরি বিপর্যয়ে গ্রামীণফোন থেকে অন্য অপারেটরে ভয়েস কল দিতে অসুবিধার সম্মুখীন হতে পারেন গ্রাহকরা। এ সমস্যা সমাধানে গ্রামীণফোন কাজ করছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!