ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

হিমালয়ের ফার্চামো পর্বত অভিযানে তিন বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:২৮, ২১ অক্টোবর ২০২৩
হিমালয়ের ফার্চামো পর্বত অভিযানে তিন বাংলাদেশি
ছবি- সংগৃহীত

হিমালয় অঞ্চলের ফার্চামো পর্বতশিখরে অভিযানে যাচ্ছেন তিন বাংলাদেশি। ২০ হাজার ৩০০ ফুট উচ্চতার এ পর্বত অভিযানে যাচ্ছেন তারা। অভিযানটি হবে ২১ দিনের।

এ অভিযান উপলক্ষে শনিবার বিকাল ৪টায় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে পতাকা-প্রদান ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৪ অক্টোবর ‘ফার্চামো’ আরোহণের লক্ষ্যে নেপালের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে পর্বতারোহী দল। 

সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছে আয়োজক প্রতিষ্ঠান বাংলা মাউন্টেইনারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব। 

Advertisement

ফার্চামো পর্বতশিখরে তিন সদস্যের অভিযানকারী দলের প্রধান দুইবারের এভারেস্ট জয়ী এম এ মুহিত। বাকি দু’জন হলেন— ৭ হাজার মিটার চূড়াসহ হিমালয়ের একাধিক পর্বত আরোহী বাহলুল মজনু এবং ভারতে পর্বতারোহণের ওপর মৌলিক প্রশিক্ষণ শেষ করা পর্বতারোহী নুরুননাহার নিম্মি। 

ফার্চামো অভিযানের প্রস্তুতি নিয়ে এম এ মুহিত বলেন, ‘আমাদের সব ধরনের প্রস্তুতি প্রায় শেষ। ‘ফার্চামো’ পর্বতশিখর অভিযানটি পরিচালনা করছে বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ক্লাব এবং স্পনসর করছে ইস্পাহানি টি লিমিটেড। বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড ২০ শতাংশ ছাড়ে অভিযাত্রীদের ঢাকা-কাঠমাণ্ডু-ঢাকা বিমান টিকিট দিয়েছে।’ 

এদিন অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসপাহানি টি লিমিটেডের উইং ম্যানেজার এএসএম হাসান। অনুষ্ঠানে পর্বতারোহীরা জাতীয় পতাকা গ্রহণ করেন।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
ট্যাগ: রাজধানী
লিংক সফলভাবে কপি হয়েছে!