ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ডেঙ্গু বিরোধী অভিযানে ২ কোটি ৯০ লাখ টাকা জরিমানা: ডিএনসিসি মেয়র

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৫১, ৮ অক্টোবর ২০২৩
ডেঙ্গু বিরোধী অভিযানে ২ কোটি ৯০ লাখ টাকা জরিমানা: ডিএনসিসি মেয়র
বাড্ডা লিংক রোড ও নতুন বাজার এলাকায় ডিএনসিসির চলমান ডেঙ্গু বিরোধী অভিযানে রোববার ঝটিকা পরিদর্শনে যান ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম। ছবি: ডেইলি বাংলাদেশ

এডিস মশার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে চলতি বছরের শুরু থেকে শনিবার পর্যন্ত বিভিন্ন ভবন মালিক ও প্রতিষ্ঠানকে দুই কোটি ৯০ লাখ টাকা জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

বাড্ডা লিংক রোড ও নতুন বাজার এলাকায় ডিএনসিসির চলমান ডেঙ্গু বিরোধী অভিযানে রোববার ঝটিকা পরিদর্শনে যান ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম। এসময় তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, আমরা এখন পর্যন্ত দুই কোটি ৯০ লাখ টাকা জরিমানা করেছি। আমরা যদি এডিস মশা না পেতাম, তাহলে তো জরিমানা করতাম না। দুই মাস আগে একেকদিন কারো বাড়িতে পাঁচ লাখ, কারো অফিসে পাঁচ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। এমনকি একদিনে ২৫ লাখ টাকাও জরিমানা করা হয়েছে। আজকেও বিশেষ অভিযান চলছে।

Advertisement

এসময় এডিস মশা নিধন করতে ডিএনসিসির পক্ষ থেকে নতুন একটি উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলেও জানান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র।

তিনি বলেন, অক্টোবর মাসে এখন বৃষ্টি হচ্ছে আবার রোদ হচ্ছে। এটি একটি সুন্দর আবহাওয়া এডিস মশার লার্ভা বিস্তারের জন্য। এর পরিপ্রেক্ষিতে আমরা উত্তর সিটি কর্পোরেশন একটি নতুন পরিকল্পনা নিয়েছি। আমরা আমাদের আওতাধীন প্রতিটি ওয়ার্ড এখন থানায় ভাগ করে ফেলেছি। অর্থাৎ আমাদের এডিস মশা নিধন কার্যক্রম এখন থানাভিত্তিক চলবে। এতে আমরা বেশি এলাকায় যেতে পারবো এবং মশা নিধন করতে পারবো।

মেয়র আতিক বলেন, জনগণকে যত বেশি সম্পৃক্ত করতে পারবো, তত বেশি আমরা এডিস মশা থেকে নিজেদের বাঁচাতে পারব। আমি জনসাধারণকে অনুরোধ করবো, আপনারা কোথাও পানি জমা দেখলে আমাদের হটলাইনে কল করুন। এছাড়া আমাদের ওয়েবসাইটে গেলে এখন দেখা যাবে, কোন ওয়ার্ডে কে মশক সুপারভাইজার, কে সহকারী হেলথ অফিসার, কে ডেপুটি সহকারী হেলথ অফিসার। সবার নাম্বার দেওয়া আছে। এ তথ্য আপনারা (রাজধানী বাসী) ব্যবহার করতে পারবেন।

এসময় বাড্ডা লিংক রোডে একটি আবাসিক ভবন ও একটি নির্মাণাধীন ভবন এবং নতুন বাজারের একটি ভবন পরিদর্শন করেন ডিএনসিসি মেয়র। 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: ডিএনসিসি
লিংক সফলভাবে কপি হয়েছে!