ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

কাউন্সিলররা মাঠে থাকলে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব হবে: ডিএনসিসি মেয়র

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:০০, ৩০ জুলাই ২০২৩
কাউন্সিলররা মাঠে থাকলে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব হবে: ডিএনসিসি মেয়র
মশক নিধন কার্যক্রম জোরদার করতে কাউন্সিলর ও কর্মকর্তাদের নিয়ে ডিএনসিসির বিশেষ সভায় বক্তব্য রাখেন মেয়র মো. আতিকুল ইসলাম

চলমান ডেঙ্গু পরিস্থিতি প্রতিরোধে মশক নিধন কার্যক্রম জোরদার করতে কাউন্সিলর ও কর্মকর্তাদের নিয়ে বিশেষ সভা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

মেয়র বলেন, কাউন্সিলররা নিজেদের ওয়ার্ডের জনগোষ্ঠীর সঙ্গে সরাসরি সম্পৃক্ত। তাই কর্মকর্তাদের সঙ্গে কাউন্সিলররা মাঠে থাকলে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব হবে।

রোববার দুপুরে রাজধানীর গুলশান-২ নগর ভবনের ৬ষ্ঠ তলায় অডিটোরিয়ামে এ বিশেষ সভা অনুষ্ঠিত হয়।

Advertisement

ডিএনসিসি মেয়র বলেন, কাউন্সিলরদের নেতৃত্বে যে টাস্কফোর্স কমিটি গঠন করা হয়েছে; সেটি নিজ নিজ এলাকায় মশক নিধন কার্যক্রমের পাশাপাশি ব্যাপক প্রচারণা চালাবে। সিটি কর্পোরেশন থেকে শিক্ষার্থীদের জন্য যে আর্ট বুক ছাপানো হয়েছে, কাউন্সিলররা প্রতিটি ওয়ার্ডের সব কিন্ডারগার্টেন ও প্রাইমারি স্কুলের শিক্ষার্থীদের মধ্যে সেটি বিতরণ করবেন।

তিনি বলেন, নির্মাণাধীন ভবনে এডিসের লার্ভা পাওয়া যায়। তাই কাউন্সিলররা তাদের নিজেদের ওয়ার্ডের নির্মাণাধীন ভবন মালিককে চিঠি দেবে যেন পানি জমে না থাকে। সেই সঙ্গে নির্মাণাধীন ভবনের তালিকা প্রণয়ন করবে। তালিকা অনুযায়ী আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে গঠিত র‍্যাপিড অ্যাকশন টিম পরিদর্শন করবে এবং আইনি ব্যবস্থা নেবে।

মেয়র আরো বলেন, কাউন্সিলররা প্রতিটি এলাকার মসজিদের ইমাম ও স্কুলের শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে সভা করে মশক নিধনে করণীয় সম্পর্কে অবহিত করবেন। বিভিন্ন সোসাইটির প্রতিনিধিদের সঙ্গেও সভা করে ডেঙ্গু নিয়ন্ত্রণে সচেতনতা কার্যক্রমে সম্পৃক্ত করবেন। কোন কোন বাড়িতে ডেঙ্গুরোগী আছে সেটির তালিকা প্রণয়ন করে আশেপাশে লার্ভিসাইডিং বাড়াতে হবে।

সভায় উপস্থিত ছিলেন- ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগে. জেনা. এ কে এম শফিকুর রহমান, প্রধান প্রকৌশলী ব্রিগে. জেনা. মুহ. আমিরুল ইসলাম, ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, কাউন্সিলররা এবং ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!