ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রায়েরবাগে বাসচাপায় ভাই নিহত, আশঙ্কাজনক বোন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:১৩, ২৫ জুলাই ২০২৩
রায়েরবাগে বাসচাপায় ভাই নিহত, আশঙ্কাজনক বোন
সংগৃহীত ছবি

রাজধানীর যাত্রাবাড়ী রায়েরবাগ এলাকায় বাসচাপায় জসিম উদ্দীন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় তার বোন সাথী (৩৩) আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়েছে। 

মঙ্গলবার বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রায়েরবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মো. মাসুম নামে একজন প্রত্যক্ষদর্শী বলেন, মোটরসাইকেলটিকে লাভলী পরিবহন নামে একটি বাস পেছন থেকে ধাক্কা মারে। এরপর চালক ও আরোহী রাস্তায় ছিটকে পড়ে যায় এবং বাসটি চালকের মাথার ওপর দিয়ে দ্রুতবেগে চালিয়ে সটকে পড়ে। মোটরসাইকেলের পেছনে নারীও গুরুতর আহত হয়েছেন। তাকে আমরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।

Advertisement

জানা যায়, তারা দুজন খালাতো ভাই-বোন। ডেমরা মাতুয়াইল মেডিকেলের পাশে বাসা তাদের।

এদিকে খবর পেয়ে বেলা সাড়ে ১১টায় ঘটনাস্থলে আসেন নিহত জসিমের ছেলে। তখন তার বাবার মরদেহ পুলিশের গাড়িতে করে নেয়া হচ্ছে ঢামেকে। আর গাড়ির এক কোণে বসে নীরবে চোখের পানি ফেলছেন হতভাগ্য ছেলে। বেলা ১১টা ৪০ মিনিটের দিকে মরদেহ যাত্রাবাড়ী থানার একটি গাড়িতে করে নিয়ে যাওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল খালেক মিয়া বলেন, মাতুয়াইল মেডিকেলের পাশ থেকে মোটরসাইকেলে করে যাওয়ার সময় রায়েরবাগ প্রধান সড়কে দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। তবে কি বাসের চাপায় তিনি মারা গেছেন তা এখনো জানতে পারিনি। জানার চেষ্টা চলছে, বিস্তারিত পরে জানানো হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!