এক ঘণ্টার বেশি সময় পর মুষলধারে বৃষ্টির দাপট কিছুটা কমে যায়। এরপর আরো কিছু সময় ধরে চলে অল্প অল্প বৃষ্টি। ভ্যাপসা গরমে মুষলধারে বৃষ্টি নগরজীবনে নিয়ে এসেছে স্বস্তি। যদিও বাইরে বের হওয়া মানুষ কিছুটা ভোগান্তিতে পড়েন।
রাজধানীর মিরপুর-১৪ থেকে অফিসের কাজে বসুন্ধরা যাচ্ছিলেন বেসরকারি চাকরিজীবী জগলুল হায়দার। মুষলধারে বৃষ্টির দাপটে বেশ কিছুক্ষণ তাকে সৈনিক ক্লাব ওভার ব্রিজরে নিচে গাড়ির জন্য অপেক্ষা করতে হয়েছিল। তিনি জানান, এই বৃষ্টিতে বেশ কয়েকদিনের গরম কিছুটা হলেও কমবে। আর বৃষ্টি হলে এমনিতেও রাজধানীতে যানবাহনের জটলা লেগে যায়। পাশাপাশি যানবাহনও তেমন পাওয়া যায় না।
.png)
এদিকে, মঙ্গলবার সকাল ৯টায় এক পূর্বাভাসে দেশের সব বিভাগেই বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এর মধ্যে চার বিভাগের কোথাও কোথাও ভারি বর্ষণ হতে পারে বলেও জানানো হয়েছে।
সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।
এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এ ছাড়া পরবর্তী তিন দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।