বুধবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত একযোগে কর্পোরেশনের সব ওয়ার্ডেই এই কর্মসূচি পালন করা হবে। দক্ষিণ সিটির কাউন্সিলররা নিজ নিজ ওয়ার্ডে এই গণ-লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নেবেন।
কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস বুধবার সকালে সবুজবাগ এলাকার ৫ নম্বর ওয়ার্ডে গণ-লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন।
.png)
এ কর্মসূচি সফল করার লক্ষ্যে এরই মধ্যে দক্ষিণ সিটির প্রতিটি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলরদের প্রত্যেকের কাছে ১ হাজার করে লিফলেট সরবরাহ করা হয়েছে।
এছাড়া প্রতিটি অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের অনুকূলেও আরো ১ হাজার করে লিফলেট বিতরণের জন্য সরবরাহ করা হয়েছে।
এদিকে আজ দক্ষিণ সিটির ৬টি ওয়ার্ডে চিরুনি অভিযান পরিচালনা করা হয়েছে। দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন অঞ্চল-৫ এর ৭, ৪৯, ৫২ ও ৫৩ নম্বর ওয়ার্ড এবং অঞ্চল-৯ এর ৬২ ও ৬৩ নম্বর ওয়ার্ডে এসব অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ১৩ জন করে মশককর্মী সকালে লার্ভিসাইডিং এবং ১৩ জন করে মশককর্মী বিকেলে এডাল্টিসাইডিং কার্যক্রমে অংশ নেন। চিরুনি অভিযানের মাধ্যমে এডিস মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে ৬টি ওয়ার্ডের মোট ৪০৫টি বাড়ি ও স্থাপনা পরিদর্শন করা হয়। অভিযানে মোট ২২টি বাড়ি ও স্থাপনার ভেতরে ও সীমানার অভ্যন্তরে এডিস মশার লার্ভা পাওয়া যায়।
বিশেষ চিরুনি অভিযানের সময় এসব বাড়ি ও স্থাপনা এবং সংলগ্ন এলাকায় প্রয়োজন অনুযায়ী লার্ভিসাইডিং ও এডাল্টিসাইডিং করা হয়।
বৃহস্পতিবার পর্যন্ত এসব ওয়ার্ডে বিশেষ চিরুনি অভিযান পরিচালনা করা হবে।