এ বিষয়ে বনানী থানায় অভিযোগ করেছে বিএমডিসি। কাউন্সিলের রেজিস্টার (ভারপ্রাপ্ত) ডা. আরমান হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে বনানী থানার ওসি বরাবর এ অভিযোগ করা হয়েছে।
অভিযোগে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সংগৃহীত বিজ্ঞপ্তিতে (ফটোকপি সংযুক্ত) উল্লেখ করা হয়েছে- ভারতীয় চিকিৎসক ডা. রীনা গুপ্ত (ফার্টিলিটি বিশেষজ্ঞ, বেবি সায়েন্স, নিউ দিল্লি) আজ (১১ মার্চ) বনানীর বিটিআই আর্মিটেজের (হাউজ-৭৭, রোড-১২) ঠিকানায় চিকিৎসা ও পরামর্শ দেবেন। তবে, উল্লেখিত বিদেশি চিকিৎসক বিএমডিসি থেকে রেজিস্ট্রেশনপ্রাপ্ত নন, যে কারণে চিকিৎসা কার্য পরিচালনা ও ভিডিও কলের মাধ্যমে পরামর্শ প্রদান করলে তা হবে আইনের পরিপন্থি। এ বিষয়ে অনতিবিলম্বে আইনি ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হলো।
.png)
চিঠিতে আরো বলা হয়েছে, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইনে আছে- ‘২২ নিবন্ধন ব্যতীত অ্যালোপ্যাথি চিকিৎসা নিষিদ্ধ- (১) অন্য কোনো আইনে যা কিছুই থাকুক না কেন, এ আইনের অধীন নিবন্ধন ব্যতীত, কোনো মেডিকেল চিকিৎসক বা ডেন্টাল চিকিৎসক অ্যালোপ্যাথি চিকিৎসা করতে, অথবা নিজেকে মেডিকেল চিকিৎসক বা ক্ষেত্রমত, ডেন্টাল চিকিৎসক পরিচয় দিতে পারবেন না। (২) কোনো ব্যক্তি উপ-ধারা (১) এর বিধান লঙ্ঘন করলে তা হবে একটি অপরাধ এবং এজন্য তিনি ৩ (তিন) বছর কারাদণ্ড অথবা ১ (এক) লাখ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।’