শুভ জন্মদিন তপন চৌধুরী
আজ কিংবদন্তী সঙ্গীতশিল্পী তপন চৌধুরীর জন্মদিন। যিনি চার দশকের বেশি সময় পার করেছেন সংগীতাঙ্গনে। দীর্ঘ এ যাত্রায় জনপ্রিয় এই শিল্পী সুরের খেয়ায় তুলেছেন মানুষের ভালোবাসা, পুরস্কার ও সম্মাননা।
তপন চৌধুরী বলেন, জন্মদিনে আমি সবার কাছে দোয়া চাই। আমি জানি বাংলাদেশের মানুষ আমাকে অনেক ভালোবাসেন, তা নিজের চোখে আমি দেখেছি। সবার প্রতি আমার শ্রদ্ধা, ভালোবাসা।
১৯৭৯ সালে বাংলাদেশে টেলিভিশনে ব্যান্ড দল ‘সোলস’-এর হয়ে তপন চৌধুরীর গাওয়া ‘মন শুধু মন ছুঁয়েছে’ গানটি প্রচার হবার পর শিল্পী হিসেবে রাতারাতি তারকা বনে যান তপন চৌধুরী। নকীব খানের লেখা ও পিলু খানের সুরে গাওয়া এই গান দিয়েই সামনের পথে এগিয়ে চলেন তিনি।
তপন চৌধুরী এরপর যদি আর কোন গানই না গাইতেন তাহলে এই একটি গান দিয়েই তিনি একজন শিল্পী হিসেবেই আমাদের মাঝে বেঁচে থাকতেন। গানটি ১৯৭৯ সালে ব্যাপক জনপ্রিয়তা পাবার পর ‘সোলস’ এর প্রথম অ্যালবাম ১৯৮১ সালে যখন বাজারে আসে গানটি তখন প্রকাশ করা হয়। পরবর্তীতে এই অ্যালবামেরই তপন চৌধুরীর গাওয়া ‘মন শুধু মন ছুঁয়েছে’ গানটি বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত ধারাবাহিক নাটক ‘প্রতিশ্রুতি’ তে ব্যবহারের পর যেন এই গানের জনপ্রিয়তা আরো বেড়ে যায়।
১৯৮৪ কিংবা ১৯৮৫ সালে তপন চৌধুরীর প্রথম একক গানের ক্যাসেট ‘তপন চৌধুরী’ সারগামের ব্যানারে বাজারে আসে। আইয়ুব বাচ্চুর সুর সঙ্গীতে এই এ্যালবামটির সবগুলো গানই শ্রোতাদের মন কেড়ে নেয়। এরপর নানান সময়ে অরাজিতা, তুমি নীল আকাশ, অনুশোচনা, স্মৃতির চিহ্ন, আমার পৃথিবীসহ অনেক এ্যালবাম বাজারে আসে। তবে তপন চৌধুরীর প্রথম এ্যালবামের পর যে এ্যালবামটি সবচেয়ে বেশি শ্রোতাপ্রিয়তা পেয়েছিলো সেটি হচ্ছে ‘অনুশোচনা’।
শহীদ মাহমুদ জঙ্গীর কথায় আইয়ূব বাচ্চুর সুরে তপন চৌধুরীর গাওয়া ‘হারানো দিনকে যদি ফিরে আমি পাই তোমাকে আর ফেরাবোনা’ গানটি একটি চিরন্তন গানে পরিণত হয়েছে। এখনো গানটি শ্রোতাদের মন ছুঁয়ে যায়। এরপর জঙ্গীর লেখা বেশকিছু গান গেয়েছিলেন।
দীর্ঘদিন পর গেল বছরের ঈদুল আযহায় তপন চৌধুরীর দুটি গান প্রকাশ হয়। নতুন দুটি গানই দ্বৈত কণ্ঠের ছিল। এগুলোতে তপন চৌধুরীর সঙ্গে কণ্ঠ দিয়েছেন এ সময়ের দুজন শিল্পী হৈমন্তী ও নন্দিতা। ‘এই মিষ্টি হাওয়ার রাতে’ শিরোনামের গানটি লিখেছেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম। গানটির দ্বৈতশিল্পী নন্দিতা। অন্য গানটি হলো- ‘আড়াল হলেই তুমি’। গানটি লিখেছেন সাখাওয়াত হোসেন মারুফ। এতে তার সহশিল্পী হৈমন্তী। দুটি গানের সুর-সংগীত করেছেনে উজ্জল সিনহা। গান দুটি প্রকাশ করেন বাংলাঢোল।
ডেইলি বাংলাদেশ/এনএ/টিএএস